রথযাত্রার উৎসবের আবহে বৃষ্টিই হতে চলেছে দক্ষিণবঙ্গের সঙ্গী। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে ১৬ ও ১৭ জুলাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রথযাত্রার দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার কয়েকটি এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৭ জুলাইও বৃষ্টির দাপট কমার সম্ভাবনা নেই। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহান্তেও আকাশ মেঘলা থাকার পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
শুধু বৃষ্টিই নয়, ঝোড়ো হাওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে। ১৬ ও ১৭ জুলাই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গেও বর্ষার প্রভাব স্পষ্ট। ১৬ জুলাই দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে বজ্রপাত ও ঝড়বৃষ্টির সময় অপ্রয়োজনে বাইরে না বেরোনো, নিরাপদ আশ্রয়ে থাকা এবং প্রয়োজন ছাড়া জলমগ্ন বা ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়ানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।







