আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রায় আসতে চলেছে বড় পরিবর্তন। এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে পারদ। ফলে আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ২০ ডিগ্রির নিচে।
দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত আবহাওয়া থাকবে মূলত শুষ্ক ও রৌদ্রজ্জ্বল। তবে রবিবার থেকেই রাতের দিকে পারদের পতন শুরু হবে। সেই সঙ্গে বাড়বে সকালের হালকা শীতের আমেজ।
এদিকে, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ওপর আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা আসাম ও ত্রিপুরা সংলগ্ন এলাকায় প্রভাব ফেলছে। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দার্জিলিং ও কালিম্পং-এর মতো পার্বত্য এলাকায় বাড়বে কুয়াশার প্রভাব। সোমবার থেকে রাজ্যের অধিকাংশ জেলাতেই আকাশ থাকবে পরিষ্কার, আবহাওয়া শুষ্ক থাকবে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।
আজ শুক্রবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।
আবহাওয়াবিদদের অনুমান, আগামী সপ্তাহ থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির নিচে এবং রাতের পারদ নেমে যাবে ২০ ডিগ্রির নিচে। ফলে উইকেন্ড থেকেই বঙ্গে বাড়বে শীতের হালকা ছোঁয়া— শীতপ্রেমীদের মুখে হাসি ফোটাবে এই আবহাওয়ার পালাবদল।







