মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে এক অনন্য নজির গড়লেন শান্তিপুর থানার পুলিশ কর্মীরা। গোবিন্দপুর দ্বারিকা নাথ হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা ভৌমিক শান্তিপুর বাইগাছি মোর রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে পরীক্ষার সিট পেয়েছিল। তবে আজ, পরীক্ষার হলে পৌঁছেই সে জানতে পারে যে সে তার এডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে।
এদিকে, পরীক্ষার শুরু হতে খুব বেশি সময় বাকি ছিল না। বাড়ি থেকে এডমিট কার্ড আনতে গেলে তার পরীক্ষা দেওয়া সম্ভব হতো না। এই কঠিন পরিস্থিতিতে অঙ্কিতা হতাশ হয়ে পড়ে। তখনই পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা শান্তিপুর থানার এক লেডি কনস্টেবলকে সে বিষয়টি জানায়।
ওই লেডি কনস্টেবলের উদ্যোগে ঘটনাস্থলে থাকা দুই কনস্টেবল তোতন ঘোষ ও ভগিরথ বিশ্বাস বিষয়টি গুরুত্ব সহকারে নেন এবং ভারী বৃষ্টি উপেক্ষা করে মোটর বাইক নিয়ে দ্রুত অঙ্কিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রায় ১০ কিলোমিটার দূরে পৌঁছে তারা পরিবারের সদস্যদের কাছ থেকে এডমিট কার্ড সংগ্রহ করেন এবং সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন।
এই মানবিক উদ্যোগের ফলে অঙ্কিতা ভৌমিক তার মাধ্যমিক পরীক্ষা দিতে সক্ষম হয়। পুলিশ কর্মীদের এই ভূমিকা এলাকাবাসী ও পরীক্ষাকেন্দ্রে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।
এই বিষয়ে কনস্টেবল তোতন ঘোষ বলেন, “একজন ছাত্রীর ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই চিন্তা থেকেই আমরা দ্রুত পদক্ষেপ নিই। পুলিশের কাজ শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, মানুষের পাশে দাঁড়ানোও আমাদের কর্তব্য।”
শান্তিপুর থানার এই মানবিক দৃষ্টান্ত সমাজের জন্য এক ইতিবাচক বার্তা বহন করে।







