খেলাধুলা

ইডেনে রুদ্ধশ্বাস টেস্ট: সুপার সানডের আগেই দুশ্চিন্তা—হাসপাতালে অধিনায়ক শুভমন গিল

ইডেনে ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট এখন রুদ্ধশ্বাস পরিণতির দিকে। রবিবার, তৃতীয় দিনেই ফয়সালা হয়ে যেতে পারে। কিন্তু ম্যাচের আগে বড় দুশ্চিন্তা ভারতীয় শিবিরে—হঠাৎই হাসপাতালে ভর্তি হলেন অধিনায়ক শুভমন গিল। তাঁর চিকিৎসা শুরু হয়েছে, তবে রবিবার তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা।

শনিবার সকালে ওয়ার্ম-আপের সময় হঠাৎই ঘাড় ও পিঠের উপরিভাগে তীব্র ব্যথা অনুভব করেন শুভমন। ভারতীয় দলের ফিজিও ও ট্রেনারের পরামর্শে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসককে ডাকতে বলা হয় আয়োজক সিএবি-কে। কিন্তু সেখানেই তৈরি হয় চাঞ্চল্য——
যখন গিলকে বিশেষজ্ঞ প্রয়োজন ছিল, তখন মাঠে উপস্থিত ছিলেন কেবল একজন আরএমও!

দলের অভিযোগ, সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসা না পাওয়ায় ক্ষোভ রয়েছে ভারতীয় শিবিরে। বিশেষজ্ঞ পৌঁছন সকাল সাড়ে ন’টায়—ম্যাচ শুরুর পর। ফলে চিকিৎসার সুযোগ হারিয়ে ব্যথা নিয়েই ব্যাট করতে নামতে হয় শুভমনকে। একটি চারের পরই তিনি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন এবং আর ব্যাট করতে পারেননি। ভারত ৯ উইকেটে অল আউট হয়ে যায়।

দিনের শেষে তাঁকে ইডেন থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসা চলছে চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত রিপোর্ট মেলেনি। প্রশ্ন রয়ে গেছে—
রবিবার সুপার সানডেতে কি অধিনায়ককে দেখা যাবে মাঠে?

সিএবি দাবি করেছে, এটি নেহাতই ‘ভুল বোঝাবুঝি’। বিশেষজ্ঞ চিকিৎসক নাকি ভেবেছিলেন ম্যাচ শুরু সাড়ে ৯টায়, তাই তিনি সেই সময় পৌঁছন। ভারতীয় দলের ওয়ার্ম আপ যে অনেক আগেই শুরু হয়, তা নাকি তাঁর জানা ছিল না।

এদিকে ভারতের ক্রিকেটপ্রেমীরা প্রার্থনায়—
শুভমন যেন সুস্থ হয়ে ওঠেন এবং টেস্টে বিশ্বের সেরা দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে ১–০ এগিয়ে যাওয়ার লড়াইয়ে আবার নেতৃত্ব দিতে পারেন।

সুপার সানডের আগে ভারতের সবচেয়ে বড় প্রশ্ন—অধিনায়ক কি ফিরবেন? নাকি টিম ইন্ডিয়াকে লড়তে হবে নেতৃত্ব ছাড়াই?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.