দশম বারের জন্য , বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশ কুমারের । বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন নীতিশ । উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। এদিন রাজ্যপাল আরিফ মহম্মদ খান শপথবাক্য পাঠ করান নীতিশ কুমারকে ।
তবে এদিন মন্ত্রী সভার বণ্টনে স্পষ্ট যে এনডিএ জোটের ক্ষেত্রে বিজেপিই বিগ ব্রাদারের ভূমিকা পালন করছে । এদিন মোট ১৯ জন নেতা শপথ নেন মন্ত্রী পদে , যার মধ্যে ১০ জনই বিজেপির । উল্লেখ্য , বৃহস্পতিবার , নীতিশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহাই ফের শপথ নেন নীতিশের ডেপুটি হিসেবে । সম্রাট চৌধুরী হয়েছেন বিহার বিজেপির সংসদীয় দলনেতা এবং উপদলনেতা হয়েছেন বিজয় সিনহা । চিরাগ পাসওয়ানের এলজেপি (আর), জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আরএলএমও একটি করে মন্ত্রক পেয়েছে ।
প্রসঙ্গত , মাঝের কয়েক মাস যদি বাদ দেওয়া হয় , তাহলে দেখা যাবে ২০০৫ সাল থেকে এখনও পর্যন্ত বিহারের সিংহাসনে নীতিশই অধিষ্ঠিত। তবে এই ২০ বছরে বদল এসেছে একাধিকবার । একাধিকবার জোট পরিবর্তনও করেছে নীতিশের দল । সঙ্গী হিসেবেও একাধিক হাত বদলেছেন । তবে বরাবরই মসনদ ছিল তার দখলে।







