সাংসদ হিসেবে দায়িত্ব পালনের সময় বিপুল আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, এই অনিয়মের উল্লেখ নাকি ক্যাগের রিপোর্টেও রয়েছে। পাশাপাশি, তাঁর কালো টাকা কোথায় কোথায় সরানো হয়েছে, সেই সম্পর্কেও বিভিন্ন তথ্য উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। এই অভিযোগ শুধু শাসক-বিরোধী রাজনৈতিক তরজার বিষয়েই সীমাবদ্ধ নেই, বরং ‘আসল’ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও এই ইস্যুকে সামনে এনে আরও সক্রিয় হয়েছে। দলীয় সূত্রের দাবি, অভিষেকের বিরুদ্ধে বেশ কিছু নথিভিত্তিক তথ্যও তাঁদের হাতে এসেছে। সেই নথি নিয়েই দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন ঋতব্রতরা।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রান্তিক মানুষের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির। গত প্রায় দু’বছর ধরে ওই সংসদীয় এলাকার সাতটি বিধানসভা কেন্দ্রেই এই কর্মসূচি পরিচালিত হয়। কিন্তু পরবর্তীতে অভিযোগ ওঠে, স্বাস্থ্য পরিষেবার আড়ালে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে এবং বহু মানুষ প্রয়োজনীয় চিকিৎসাও পাননি। সম্প্রতি ‘আসল’ তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সেবাশ্রয়ের অর্থ দুর্নীতির সঙ্গে তথাকথিত ‘কেরল লবি’র যোগ রয়েছে। তাঁর অভিযোগ, এই বেআইনি অর্থ কেরলের উপনির্বাচনে খরচ করা হয়েছে। শুধু তাই নয়, কেরলে প্রার্থী দেওয়া, একটি সমুদ্রতীরবর্তী রিসর্টে বিশেষ বৈঠক এবং তারপর সেই অর্থ ইউরোপের কুখ্যাত কেম্যান আইল্যান্ডে পাঠানোর মতো বিস্ফোরক অভিযোগও তুলেছেন তিনি।
এর আগেও তাঁর শিবিরের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তৃণমূলের কালো টাকা কেম্যান আইল্যান্ডে পাচার করা হয়েছে। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানান। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ‘কেরল লবি’র সঙ্গে এই আর্থিক লেনদেনের যোগসূত্রের প্রসঙ্গ সামনে আনলেন। ঘনিষ্ঠ মহলে তাঁর দাবি, সংশ্লিষ্ট দুর্নীতির একাধিক গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যেই তাঁর হাতে এসেছে। চলতি সপ্তাহেই সেই নথির একটি অংশ প্রকাশ্যে আনার প্রস্তুতি চলছে। পাশাপাশি, ওই নথি নিয়ে দিল্লিতে গিয়ে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানাতে পারেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার তাঁর দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক নিয়ে ‘কালীঘাট’ এবং ‘আসল’ শিবিরের মধ্যে টানাপোড়েন আরও তীব্র হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ঋতব্রত শিবিরকে অতিরিক্ত সময় না দেওয়ার আবেদন জানিয়েছেন। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথিত দুর্নীতির নথি সামনে এনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছেন কি উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়— রাজনৈতিক মহলে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।







