২৬ শের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তেড়েফুঁড়ে ভোট প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। কেন্দ্রীয় মন্ত্রীদের আসা যাওয়া লেগেই রয়েছে বঙ্গে। গত ১৮ জানুয়ারি সিঙ্গুরের মাটিতে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরের মাটিতে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে ১৬ লক্ষ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি প্রদান করবেন মুখ্যমন্ত্রী।
রবিবার সিঙ্গুরে সভা করার আগে বিজেপির শীর্ষ নেতারা বাবরার প্রচার করেছিলেন সিঙ্গুরের সভা থেকে বাংলার শিল্প নিয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। যদিও রবিবারের সিঙ্গুরের সভা থেকে টাটাকে ফিরিয়ে আনা নিয়ে বা বাংলার শিল্প নিয়ে তেমন কোনো বার্তা শোনা যায়নি প্রধানমন্ত্রীর গলায়। কেন তিনি বাংলার শিল্প নিয়ে কোনো বার্তা দিলেন না , সেই নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে বিজেপির অন্দরে। অন্যদিকে, ৫০০ কোটি টাকার বিনিয়োগে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই বিনিয়োগে কাজও শুরু হয়ে গিয়েছে।
১৪ হোক বা ২১ বাংলায় বিধানসভা নির্বাচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে হুগলির সিঙ্গুর।বাংলায় শিল্প উন্নয়নের নামে সাধারণ চাষিদের জমি জোর করে অধিগ্রহণের ঘটনায় গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী। বাংলা থেকে টাটা বিদায় নেওয়ার ১২ বছর পর টাটাকে আবারো ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সিঙ্গুরবাসি। বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী , বহু রাজনৈতিক পালাবদলের সাক্ষী থেকেছে সিঙ্গুরের মাটি। এবার ২৬ শের বিধানসভা নির্বাচনেও পাখির চোখ হুগলির সিঙ্গুর। এবার সিঙ্গুরের মাটি থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন , সেইদিকেই তাকিয়ে বাংলার জনগণ।






