হাওড়ার শ্যামপুরে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে এক তৃণমূল নেতাকে গণধোলাই, মাথা কামিয়ে এবং গলায় জুতোর মালা পরিয়ে গোটা এলাকা ঘোরানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার শ্যামপুরের আমরদহ এলাকায় ঘটে এই ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে হয় শ্যামপুর থানার পুলিশকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতার নাম সন্ন্যাসী মান্না। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী ও নেতা হিসেবে পরিচিত। গ্রামবাসীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পে গরিব শ্রমিকদের প্রাপ্য অর্থ আত্মসাৎ ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এই অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এলাকায় ক্ষোভ জমছিল বলে দাবি স্থানীয়দের।
রবিবার সেই ক্ষোভ বিস্ফোরিত হয়। অভিযোগ, গ্রামবাসীরা একজোট হয়ে সন্ন্যাসী মান্নাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে এবং তাঁর মাথার একাংশ কামিয়ে দেয়। শুধু তাই নয়, তাঁর গলায় পুরনো জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। এরপর কোমরে কাপড় বেঁধে দড়ির মতো টানতে টানতে তাঁকে গোটা গ্রাম ঘোরানো হয়। ঘটনাস্থলে উপস্থিত জনতার একাংশের দাবি, গরিব মানুষের হকের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় শ্যামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তবে উত্তেজিত জনতার ভিড়ের মধ্যে থেকে অভিযুক্ত নেতাকে উদ্ধার করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশ সন্ন্যাসী মান্নাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও পক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনার ভিডিও এবং স্থানীয়দের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। অভিযোগের সত্যতা এবং নিগ্রহের ঘটনার আইনগত দিক—দুই বিষয়ই খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।







