কলকাতা: রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে ফের দুর্নীতি ও অপশাসনের অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউটাউন কনভেনশন সেন্টারে বিজেপির এক বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি দাবি করেন, রাজ্যের বিভিন্ন দফতরের কাজকর্ম খতিয়ে দেখতে গিয়ে একের পর এক অনিয়ম ও দুর্নীতির চিত্র সামনে আসছে।
প্রশিক্ষণ শিবিরের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “যেখানে হাত দিচ্ছি, সেখানেই পচা-দুর্গন্ধ। কী করে গেছে আগের সরকার? দুর্নীতি আর অনিয়মের যা বহর দেখছি, তাতে এরপর তো মনে হচ্ছে ব্রিগেডকেই জেল বানাতে হবে।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, পূর্বতন সরকারের আমলে বিভিন্ন প্রকল্প ও প্রশাসনিক সিদ্ধান্তে বড়সড় আর্থিক গলদ এবং দুর্নীতির অভিযোগের সূত্র পেয়েছে বর্তমান সরকার। সেই কারণেই আগামী দিনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
তবে শুধুমাত্র বিরোধীদের সমালোচনাতেই সীমাবদ্ধ থাকেননি মুখ্যমন্ত্রী। দলের কর্মীদের উদ্দেশেও একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। ক্ষমতায় আসার পর কর্মীদের মধ্যে যাতে অহংকার বা আত্মতুষ্টি না জন্মায়, সে বিষয়ে সতর্ক করে শুভেন্দু বলেন, “আমি নয়, আমরা— এই নীতিতেই চলতে হবে। বিজেপি ব্যক্তিপুজোয় নয়, যৌথ নেতৃত্বে বিশ্বাসী।”
এদিন তিনি আরও জানান, নির্বাচনের আগে প্রকাশিত বিজেপির ‘সংকল্প পত্র’-এ দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে দলীয় কর্মীদের ‘দু’চোখ খোলা রেখে’ সরকারের কাজের উপর নজরদারি চালানোর নির্দেশ দেন তিনি। তাঁর কথায়, রাজকোষের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় এবং সাধারণ মানুষ সরকারি প্রকল্পের প্রকৃত সুবিধা পান, তা নিশ্চিত করাই এখন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।







