বছর ঘুরলেই ২০২৬ এ বিধানসভা নির্বাচন । তার আগেই চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট । বুধবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করবেন । যেহেতু ২৬ এর বিধানসভা নির্বাচনের পূর্বে , এটি তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট , তাই ইতিমধ্যেই এই বাজেট নিয়ে নানান জল্পনা দেখা দিয়েছে । তবে অনুমান এই বাজেটে মমতা সরকারের তরফে জনমুখী সিদ্ধান্তই গ্রহণ করা হবে ।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে আসন্ন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবাভাতা-সহ একাধিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি হতে পারে । জানা গেছে , রাজ্য সরকার বড়ো চমক আনতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে । উল্লেখ্য , পূর্ব বছরের বাজেটেও , লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে বড়ো চমক এনেছিল রাজ্য সরকার । ২০২৪ সালের এপ্রিল মাস থেকেই জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে ও তফসিলি জাতি এবং জনজাতিভুক্ত মহিলারা ১২০০ টাকা করে পেতে শুরু করেন ।
২০২৪ সালের বাজেটে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল রাজ্যের সরকারি কর্মচারীদের । বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘভাতা পান ১৪ শতাংশ হারে, অপরদিকে ৫৩ শতাংশ মহার্ঘভাতা পান কেন্দ্রীয় কর্মচারীরা । বহু সময় ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন , তাই এবারের বাজেটে সরকার ডিএ নিয়েও বড় কোনো ঘোষণা করতে পারে বলেন অনুমান ।
পাশাপাশি সম্প্রতি শেষ হলো বঙ্গ শিল্প সম্মেলন । দেশের নানান শিল্পপতিরা অংশগ্রহণ করেছিলেন এই সম্মেলনে। তাই অনুমান , এবারের রাজ্য বাজেটে শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি নিয়েও বিষয় থাকতে পারে । এছাড়াও, গ্রামীণ কর্মসংস্থান বাড়ানো এবং ১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্যের অংশীদারিত্ব আরও বৃদ্ধির কথাও থাকতে পারে । প্রসঙ্গত আগের বাজেটে কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পের পাল্টা ‘কর্মশ্রী’ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল রাজ্য বাজেটে। এই প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের ৫০ দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল । এবার রাজ্যের বাজেটে , শ্রমজীবীদের জন্য , এমন কোনো নতুন প্রকল্প আসছে কিনা , সেদিকেই নজর থাকছে সকলের ।







