রাজ্য

চন্দ্রনাথ রথ খুনে ২ কোটি টাকার সুপারি! ‘ভাইপো গ্যাং’কে কাঠগড়ায় তুললেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। মঙ্গলবার হলদিয়া মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন তিনি। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিয়ে বেরোনোর সময়ই চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, “শুটার এবং যারা সুপারি দিয়েছে, তাদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আমার যতটুকু জানা আছে, এই খুনের জন্য ২ কোটি টাকা খরচ করা হয়েছে। আর টাকা জোগাড় ও সরবরাহের দায়িত্ব নিয়েছিল ভাইপো গ্যাং।”

চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতেও তিনি মুখ্যমন্ত্রীর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। প্রাক্তন আপ্তসহায়কের খুনের ঘটনায় এর আগেও একাধিকবার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। এবার সেই অভিযোগের সঙ্গে আরও নির্দিষ্টভাবে ২ কোটি টাকা খরচের দাবিও করলেন তিনি।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই মামলার তদন্তভার নিয়েছে সিবিআই। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সাত সদস্যের একটি SIT গঠন করা হয়েছে। DIG পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে তদন্ত চালাবে ওই বিশেষ তদন্তকারী দল।

উল্লেখ্য, গত ৬ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দু’দিন পর মধ্যমগ্রামে গুলিতে খুন হন চন্দ্রনাথ রথ। প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়েছিল। ঘটনাকে ঘিরে সেই সময় থেকেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.