আবহাওয়া

কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ, ঝড়-বৃষ্টিতে স্বস্তি, দক্ষিণবঙ্গে জারি সতর্কতা

কলকাতা: ভ্যাপসা গরম আর অস্বস্তির মধ্যে রবিবার বিকেলে আচমকাই বদলে গেল আবহাওয়ার চিত্র। কালো মেঘে ঢেকে গেল শহরের আকাশ, শুরু হল ঝেঁপে বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়ার দাপটে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় শহরের একাধিক এলাকা। কোথাও গাছ ভেঙে পড়েছে, কোথাও আবার জল জমে ব্যাহত হয়েছে যান চলাচল। ব্যস্ত রাস্তাগুলিও মুহূর্তের মধ্যে প্রায় জনশূন্য হয়ে পড়ে।

আলিপুর আবহাওয়া দফতর আগেই এই পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিল। গত কয়েকদিন ধরে প্রাক-বর্ষার বৃষ্টিতে ভিজছে বাংলা। তার জেরে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার মাত্রা অত্যন্ত বেশি থাকায় রবিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অস্বস্তিকর গরম অনুভূত হয়। তবে বিকেল চারটার পর প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শহরবাসীকে স্বস্তি এনে দেয়।

শুধু কলকাতাই নয়, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর মিলেছে। এই জেলাগুলির জন্য আগেই হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়।

আবহবিদদের মতে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলের একটি ঘূর্ণাবর্তের যৌথ প্রভাবে বাংলার আবহাওয়ায় এই পরিবর্তন এসেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহের শুরুতেও ভিজে আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে রাজ্যবাসীকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.