ক্রিকেট মাঠে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের পর ক্রিকেটাররা সাধারণত তীব্র প্রতিবাদ করেন। কিন্তু রনজি ট্রফিতে মণিপুর বনাম মেঘালয় ম্যাচে ঘটল এক বিরল ঘটনা। আম্পায়ার ভুল সিদ্ধান্ত দেওয়ার পরেও লামাবাম অজয় সিংহ নামের এক ব্যাটার কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে মাঠ ছাড়লেন। এমনকি তাঁর দলও এই অদ্ভুত আউটে কোনো আপত্তি জানাল না।
মণিপুরের ব্যাটার অজয় সিংহ তখন ১৯ বলে শূন্য রানে ব্যাট করছিলেন। মেঘালয়ের আরিয়ান বোরার একটি বল তিনি ব্যাট দিয়ে ঠেকান। বলটি ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছিল স্টাম্পের দিকে। নিজের উইকেট বাঁচাতে অজয় তখন ব্যাট দিয়ে সেই বলটি থামিয়ে দেন। সঙ্গে সঙ্গেই মেঘালয়ের ফিল্ডাররা ‘আউট’-এর আবেদন করেন। আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজও তাতে সাড়া দিয়ে অজয়কে আউট দিয়ে দেন।যে নিয়মের ভিত্তিতে এই আউট দেওয়া হয়েছে, তা হলো ‘হিট দ্য বল টোয়াইস’।
ক্রিকেটের নিয়ম তৈরি করে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)। MCC এর ৩৪.১.১ আইন অনুযায়ী, কোনো ডেলিভারিতে দু’বার ইচ্ছাকৃতভাবে ব্যাট দিয়ে বলে আঘাত করলে ‘হিট দ্য বল টোয়াইস’ আউট দেওয়া যায়। তবে এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে। যদি ব্যাটার নিজের উইকেট বাঁচানোর জন্য ব্যাট দিয়ে বল সরিয়ে দেন, তবে সেটি বৈধ বলেই ধরা হয় এবং আউট দেওয়া যায় না।
সুতরাং, অজয় সিংহ নিজের অধিকারের মধ্যেই কাজটি করেছিলেন। একজন ম্যাচ আধিকারিক অনুমান করেছেন, হয়তো অজয় পা দিয়ে বল সরাতে পারতেন, কিন্তু ব্যাট ব্যবহার করায় আম্পায়ার ভুলবশত তাঁকে আউট দিয়ে দিয়েছেন।তা সত্ত্বেও, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে কোনো প্রতিবাদ ছাড়াই মাঠ ছেড়ে যাওয়া অজয়ের ক্রিকেটীয় মনোভাবকে অনেকেই সম্মান জানিয়েছেন।
রনজি ট্রফির ইতিহাসে ‘হিট দ্য বল টোয়াইস’ আউটের নজির এর আগে মাত্র পাঁচ বার দেখা গিয়েছে। প্রথমবার অন্ধ্রপ্রদেশের কে বাভান্না এ ভাবে আউট হয়েছিলেন। পরবর্তীতে শাহিদ পারভেজ, অনন্ত জর্জ এবং ধ্রুব মহাজনের মতো ক্রিকেটাররাও একই নিয়মে আউট হয়েছেন।







