বয়সের কাঁটা চল্লিশ পেরোলেও বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দাপট যেন থামতেই চায় না। সোমবার রাতে আল খালেজের বিরুদ্ধে তাঁর করা অবিশ্বাস্য বাইসাইকেল কিক গোলটি ফুটবলপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছে। এই অনবদ্য গোলটি তাঁকে তাঁর ব্যক্তিগত ১০০০ গোলের স্বপ্নের কাছাকাছি নিয়ে গেল। ক্যারিয়ারে তাঁর মোট গোল সংখ্যা এখন ৯৫৫।যে বয়সে অনেক খেলোয়াড় বিশ্রাম নেন, সেই বয়সেও রোনাল্ডো ছুটছেন অদম্য গতিতে। এই বাইসাইকেল গোলটি প্রমাণ করে কেন তাঁকে ‘ব্যতিক্রমী’ বলা হয়।
আল নাসের ৪-১ গোলে আল খালেজকে হারালেও, এই ম্যাচের মূল আকর্ষণ ছিল রোনাল্ডোর এই গোলটিই। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ ৯০+৬ মিনিটে, ডান প্রান্ত থেকে সতীর্থ নাওয়াফ বাওশালের ভাসানো ক্রসকে লক্ষ্য করে বাজপাখির মতো শূন্যে লাফিয়ে ওঠেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তাঁর অ্যাক্রোব্যাটিক ভলি শটটি আল খালেজের গোলকিপার আন্থনি মারেজকে হতভম্ব করে জালে জড়িয়ে যায়। জুভেন্টাসের জার্সিতে সাত বছর আগে করা তাঁর একটি বিখ্যাত গোলের সঙ্গে এই গোলের অনেকটাই মিল রয়েছে। আল নাসেরের অন্য গোলগুলি করেন জোয়াও ফেলিক্স, ওয়েসলি রিবেইরো এবং সাদিও মানে।
নিজের সেই অসাধারণ গোলের ভিডিওটি রোনাল্ডো নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে ক্যাপশন হিসেবে তিনি ভক্তদের জন্য একটি মজার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, “বেস্ট ক্যাপশন উইনস” (সেরা ক্যাপশন যিনি দেবেন, তিনিই জিতবেন)। এর ফলে তাঁর অনুরাগীদের মধ্যে উৎসাহের ঢেউ বয়ে গেছে।
অন্যদিকে, আরেক কিংবদন্তি লিওনেল মেসিও তাঁর দল ইন্টার মায়ামিকে গোল করে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে তুলেছেন।







