খেলাধুলা

মেসি-ম্যাজিক অব্যাহত: এক গোল, তিন অ্যাসিস্ট—মহাতারকার দাপটে MLS ফাইনালে ইন্টার মায়ামি

লিওনেল মেসির জাদু Major Soccer League-কে আচ্ছন্ন করে রেখেছে, যা সিনসিনাটির বিরুদ্ধে ইন্টার মায়ামির ৪-০ গোলের বিশাল জয়ে আরও একবার প্রমাণিত হলো। আর্জেন্টিনার এই মহাতারকা একাই একটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করে দলের জয়ে মুখ্য ভূমিকা নিলেন। এই ম্যাচে তাঁর পারফরম্যান্স তাঁকে ফুটবল ক্যারিয়ারে ১৩০০ গোলে সরাসরি অবদান রাখার (৮৯৬ গোল ও ৪০৪ অ্যাসিস্ট) অবিশ্বাস্য মাইলফলকে পৌঁছে দিয়েছে।

MLS-এর পূর্বাঞ্চলীয় সেমিফাইনালের এই ম্যাচে কোচ মাসচেরানোর দল লুইস সুয়ারেজকে প্রথম একাদশে না রাখলেও দাপট দেখাতে কোনো সমস্যা হয়নি। ম্যাচের প্রথম গোলটি আসে ১৯ মিনিটে, যখন মেসি একটি হেডে বল জালে জড়িয়ে মায়ামিকে এগিয়ে দেন। প্রথমার্ধ ডেভিড বেকহ্যামের ক্লাবের পক্ষে ১-০ গোলের স্বস্তিতে শেষ হয়।দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে মেসি এমন এক ম্যাজিক দেখালেন, যেখানে সিনসিনাটির সব প্রতিরোধ ভেঙে পড়ে। তিনি যেন দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অ্যাসিস্ট করার পণ করে নেমেছিলেন।
তিনি নিখুঁতভাবে মাতেও সিলভেত্তির কাছে বল সাজিয়ে দেন, যা থেকে তরুণ তুর্কি গোল করতে ভুল করেননি। মাঝমাঠ থেকে মেসির ডিফেন্স চেরা পাস প্রতিপক্ষের রক্ষণকে ভেদ করে তাদেও আয়েন্দেকে গোলকিপারের সামনে নিয়ে আসে। ফলাফল আয়েন্দের সহজ গোল।
আরও একবার মাঝমাঠ থেকে মেসির চোখ ধাঁধানো পাসে আয়েন্দে নিজের দ্বিতীয় গোলটি নিশ্চিত করেন।

৪-০ গোলের এই বিশাল জয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে উঠে গেল। পূর্বাঞ্চলের ১৫টি দলের মধ্যে তৃতীয় স্থানে থাকা মায়ামির সামনে এখন ট্রফি জয়ের হাতছানি। ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। এই ম্যাচে জিতলেই তারা MLS কাপের মূল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে, যার প্রতিপক্ষ ৭ ডিসেম্বরের পর জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.