রাজ্য

রাজস্থানে ট্রাকভর্তি বিস্ফোরক উদ্ধার: ১০৯ কার্টন থেকে মিলল ৯৮১ জিলেটিন স্টিক, গ্রেফতার দুই

রাজস্থানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রাজসমন্দ জেলায় পুলিশি তল্লাশি চালিয়ে একটি ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে ১০৯ কার্টন বিস্ফোরক সামগ্রী। এর মধ্যে রয়েছে ৯৮১টি জিলেটিন স্টিক, ৯৩টি ডিটোনেটর এবং একটি সেফটি ফিউজ়। পুলিশ সূত্রের দাবি, উদ্ধার হওয়া বিস্ফোরকের পরিমাণ এতই বেশি যে সেগুলো ব্যবহার করা হলে বিস্ফোরণস্থলের চারপাশে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।

তদন্তকারী সূত্রের খবর, আগেই পুলিশের কাছে তথ্য আসে যে একটি ট্রাকে রাজস্থানের মধ্য দিয়েই পাচার করা হবে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক। সেই তথ্যের ভিত্তিতেই রাজসমন্দে জাতীয় সড়কের উপর ব্যারিকেড বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশির মাঝেই সন্দেহজনক ভাবে একটি ট্রককে থামানো হয়। পরে কার্টন খোলার পর সত্য ঘটনা সামনে আসে।

ট্রাকে থাকা দুই ব্যক্তিকে— ভগবত সিংহ এবং হিম্মত সিংহ— ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তাঁরা দু’জনেই রাজস্থানের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের সময় বিস্ফোরক পরিবহনের সঠিক কারণ বা গন্তব্য সম্বন্ধে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, রাজস্থানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা অবৈধ পাথর খাদানগুলিতে ব্যবহারের উদ্দেশ্যেই এই বিপুল বিস্ফোরক পাচার করা হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটি। বিস্ফোরকগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কারা মূল চক্রের সঙ্গে যুক্ত, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুলিশের ধারণা, এ ঘটনার পেছনে বৃহৎ এক পাচারচক্র সক্রিয়। সব মিলিয়ে রাজস্থানে বিস্ফোরক উদ্ধারের এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.