আইএসএসএফ বিশ্বকাপে ভারতীয় শুটাররা দ্বিতীয় দিনে দুর্দান্ত পারফর্ম করে দেশের মুখ উজ্জ্বল করলেন। অভিজ্ঞ মনু ভাকের ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, মহিলাদের ২৫ মিটার পিস্তলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনালি সাফল্য ছিনিয়ে আনলেন সিমরনপ্রীত কৌর ব্রার। অন্যদিকে, আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার নেমেই পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩-পজিশনে রুপোর পদক জিতে নিলেন ঐশ্বর্য প্রতাপ সিং।
সিমরনপ্রীতের এই জয়ের ফলে ভারত এখন পদক তালিকায় চিনের ঠিক পরেই উঠে এসেছে। দ্বিতীয় দিন শেষে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ছয় (দুটি সোনা, তিনটি রুপো এবং একটি ব্রোঞ্জ)। চলতি বছরের শুরুতে পেরুর লিমায় অনুষ্ঠিত বিশ্বকাপে রুপো জিতেছিলেন সিমরনপ্রীত। এবার দোহায় সেই পদকের রং বদলে সোনা করলেন তিনি। ২১ বছর বয়সী এই শুটার ফাইনালে ৫০টি শটের মধ্যে ৪১টি শট টার্গেটে মেরে এক অনবদ্য নজির গড়েছেন, যা প্যারিসের জুনিয়র বিশ্বরেকর্ডের সমান। অলিম্পিক চ্যাম্পিয়ন ইয়াং জি-ইনেরও এই একই রেকর্ড রয়েছে। সোনা জয়ের পর উচ্ছ্বসিত সিমরনপ্রীত জানান “এটি আমার কেরিয়ারের সবচেয়ে বড় পদক। পরিকল্পনা সঠিকভাবে কাজ করেছে। এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ। আমার আত্মবিশ্বাস এখন অনেক বেড়ে গেল, যা ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করতে সাহায্য করবে।”
ফাইনাল ম্যাচে সিমরনপ্রীত পরাজিত করেন চিনের ইয়াও কিয়ানক্সুনকে, আর ব্রোঞ্জ জেতেন জার্মানির ডোরিন ভেনেক্যাম্প। ফাইনালে যোগ্যতা অর্জনকারী আরেক ভারতীয় এশা সিং সপ্তম স্থানে শেষ করেন। এ দিকে, পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩-পজিশনে অভিষেক ঘটিয়েই রুপো জয় করে তাক লাগিয়ে দিয়েছেন ঐশ্বর্য প্রতাপ সিং। চেক প্রজাতন্ত্রের অভিজ্ঞ শুটার জিরি প্রিভ্রাটস্কির চেয়ে মাত্র ০.৯ পয়েন্টের সামান্য ব্যবধানে তিনি রুপো জেতেন। এই তরুণ শুটারের পারফরম্যান্স ভারতের শুটিংয়ের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।







