রবিবার ক্রিকেটের নন্দনকাননে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দুই দলই রয়েছে দারুণ ছন্দে। তাই এই ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। তার ওপর ওই দিনই আবার ফর্মে থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। তাই রবিবার প্রতিটি গাড়ি, প্রতিটি মানুষের গন্তব্য হয়ে উঠবে ইডেন গার্ডেন এটাই বলা বাহুল্য। কিন্তু তাতে বাঁধ সাধছে টিকিটের হাহাকার। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া। তারপর শ্রীলঙ্কাকে ৩০২ রানে দূরমুস করে বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দল। টিকিট এর হাহাকার হওয়া টা স্বাভাবিক। চলছে কালোবাজারি, ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অনেকে।
বিক্ষোভ করছেন বাংলার ক্রিকেট সংস্থার সদস্যেরা। টিকিট না পেয়ে তারাই আঙুল তুলছে সিএবির (CAB) ওপর। এবার
সিএবির (CAB) হয়ে ব্যাট ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ইডেনে আসেন তিনি। সিএবিতে এসে তিনি বললেন, “টিকিটের দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের। সিএবি-র সদস্যেরা টিকিট না পেলেও কিছু করার নেই। তা-ও তো সিএবি ৩০০০ টিকিট দিয়েছে সদস্যদের।” টিকিটের
কালোবাজারি প্রসঙ্গে তিনি আরও বলেন, ” টিকিটের চাহিদা থাকবেই। সিএবি-র পক্ষে টিকিটের কালোবাজারি আটকানো সম্ভব নয়। তারা তো আর মহামেডান মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকবে না। এই দায়িত্ব পুলিশকেই নিতে হবে। ভারত ফাইনালে উঠে গেলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও টিকিটের হাহাকার থাকবে। এখানেও রয়েছে। একবার সিএবি বা বিসিসিআই-এর কাছ থেকে টিকিট বেরিয়ে গেলে কিছুই করার থাকে না।”







