শুক্রবার ছত্তিশগড় বিধানসভা নির্বাচন উপলক্ষে ছত্তিশগড়ে ভোট প্রচারে দেখা যাবে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে শুভেন্দু অধিকারী আজ সেখানে দুটি জনসভা করবেন বলে জানা যায়। বিজেপি সূত্রের খবর, বিজেপির সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পাশাপাশি, স্থানীয় বাসিন্দারের সঙ্গে জনসংযোগেও মিলিত হবেন শুভেন্দু।
ছত্তিশগড়ে বসবাসকারী বাঙালি অধ্যুষিত এলাকায় শুভেন্দু অধিকারীকে ভোট প্রচারের ময়দানে নামিয়ে বাঙালিদের মন জয় করতে চাইছে গেরুয়া শিবির। জানা যায়, কলকাতা থেকে বিমানে শুক্রবার ভোট প্রচারে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর বিমানবন্দরে নেমে পাখানজুর-সহ একাধিক জায়গায় ভোট প্রচারে অংশ নেবেন তিনি। এই সফরটি তিনি হেলিকপ্টারে করবেন।
ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন আগামী সপ্তাহেই। কংগ্রেস সরকার মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ক্ষমতাচ্যুত করে ছত্তিশগড় গেরুয়া ঝড় তুলতে এখন মরিয়া বিজেপি। অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলা থেকেও পর্যায়ক্রমে ছত্তিশগড় যাবেন বাংলার বিধায়কদের একটি দল। সেই তালিকায় দিল্লির নেতাদের প্রথম পছন্দ শুভেন্দু অধিকারী।
ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে মোট বিধানসভা আসনের সংখ্যা ৯০। বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩ জানুয়ারি। তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ১০।
তফসিলি জনজাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ২৯। মোট ভোটার সংখ্যা ২.০৩ কোটি। লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা ভোটে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ‘অ্যাসিড টেস্ট’ হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।







