আইনি জটিলতা ও বিতর্কের দড়ি টানাটানি পেরিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েই বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। মুক্তির প্রথম তিন দিনেই ছবিটি যে ব্লকবাস্টারের পথে হাঁটছে, তা রীতিমতো স্পষ্ট। ‘সাইয়ারা’র রেকর্ড ভেঙে ওপেনিং উইকেন্ডে ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে দ্রুততম সময়ের মধ্যে।
স্যাকনিকের হিসেব অনুযায়ী, শুক্রবার ছবির উদ্বোধনী আয় ছিল ২৮ কোটি টাকা। শনিবার সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৩২ কোটিতে। রবিবার ছুটির দিনে দর্শকদের ভিড় উপচে পড়ায় আয় লাফিয়ে উঠে পৌঁছে যায় ৪৩ কোটিতে। তিন দিনে মোট আয় দাঁড়ায় ১০৪.২২ কোটি। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও ‘ধুরন্ধর’-এর দাপট চোখে পড়ার মতো—১৪০ কোটির গ্লোবাল সংগ্রহ পেরিয়ে ছবিটি ‘বিক্রম বেধা’ ও ‘জাট’-এর সর্বকালীন রেকর্ডকে পেছনে ফেলেছে।
প্রথম দিনে বড়জোর ২০ কোটি টাকার ব্যবসার পূর্বাভাস দিয়েছিলেন অনেক সিনেবিশেষজ্ঞ। কিন্তু মুক্তির পর প্রথম দিনেই সেই অনুমানকে নস্যাৎ করে দেয় ছবিটি। দীর্ঘদিন পরে রণবীর সিংয়ের একক নেতৃত্বে কোনও সিনেমা এমন সাড়া ফেলায় এটাকে তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। ‘পদ্মাবত’ ও ‘সিম্বা’র পর ফের বক্স অফিসে নিজের দাপট প্রমাণ করলেন অভিনেতা।
এদিকে, সিনেমার ঐতিহাসিক ওপেনিংয়ের খুশিতে রবিবারই মুম্বই থেকে আবু ধাবির উদ্দেশে উড়ে যান রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সেখানে ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে উপস্থিত হয়ে উদযাপন করতে দেখা যায় বলিউডের এই তারকা দম্পতিকে। বিমানবন্দরে রওনা হওয়ার আগে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দেন তাঁরা। ছবির বিপুল বাণিজ্যিক সফলতা যেমন আলোচনায়, তেমনই দীপবীরের ব্যক্তিগত রসায়নও নেটদুনিয়ায় এখন সমানভাবে চর্চার বিষয়।







