রাজ্য

২৪ টাকার রিফান্ডে ফাঁদ! বেগুন ফেরত দিতে গিয়ে আহমেদাবাদে গৃহবধূর অ্যাকাউন্ট থেকে উধাও ৮৭ হাজার টাকা

মাত্র ২৪ টাকার বেগুন ফেরত দিতে গিয়ে বড়সড় সাইবার প্রতারণার শিকার হলেন আহমেদাবাদের এক গৃহবধূ। ক্ষুদ্র কেনাকাটার রিফান্ডেই যে এত বড় অঙ্কের অর্থসঙ্কট তৈরি হতে পারে, সেই ঘটনা ফের প্রমাণ করল অনলাইন জালিয়াতির নয়া কৌশল। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনাটি ঘটে আহমেদাবাদের পালদি এলাকায়। জানা গেছে, ওই গৃহবধূ জনপ্রিয় ই-কমার্স অ্যাপ জিপ্টো (Zipto) থেকে সবজি অর্ডার করেছিলেন। অর্ডারের তালিকায় ছিল সরু বেগুন। কিন্তু ডেলিভারির সময় তিনি পান তুলনামূলক মোটা বেগুন। পণ্যটি ফেরত দেওয়ার জন্য তিনি ডেলিভারি বয়ের কাছে সংস্থার কাস্টমার কেয়ারের নম্বর চান। ডেলিভারি বয় সেই নম্বর দিতে না পারায় গৃহবধূ গুগলে সংস্থার হেল্পলাইন নম্বর খুঁজে নেন। এখানেই ঘটনার মোড় ঘুরে যায়—অনুসন্ধানে পাওয়া নম্বরটি আসলে ছিল প্রতারকদের।

ফোন তুলে অপর প্রান্তের ব্যক্তি মহিলাকে প্রথমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলেন। এরপর ‘রিফান্ড পাওয়ার’ নামে একটি লিঙ্ক পাঠিয়ে সেটি খুলে ব্যাঙ্কের প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়। লিঙ্কটি ওপেন করতেই গৃহবধূর কাছে ইউজার আইডি, পাসওয়ার্ড থেকে শুরু করে ইউপিআই পিন—সবই চেয়ে নেয় প্রতারকরা। প্রথম অ্যাকাউন্টে অর্থ না ঢোকার কথা জানালে দ্বিতীয় অ্যাকাউন্টের তথ্যও চান তারা। সব তথ্য দেওয়ার পরেই মহিলার নজরে আসে আসল সর্বনাশ—অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে মোট ৮৭ হাজার টাকা।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গৃহবধূ দ্রুত স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, প্রতারণায় ব্যবহৃত নম্বরটি ট্রেস করার চেষ্টা চলছে। দায়ের হয়েছে এফআইআর। সাইবার সেলের তরফে জানানো হয়েছে, অনলাইন কেনাকাটার রিফান্ড বা কাস্টমার কেয়ারের নম্বর গুগলে সার্চ করে পাওয়া নিরাপদ নয়। এমন প্রতারণা এড়াতে সংস্থার অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করাই একমাত্র উপায়। এই ঘটনার পর সাধারণ গ্রাহকদের মধ্যে স্বাভাবিকভাবেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.