বিনোদন

‘ধুরন্ধর’-এ রহমান ডাকাতের ঝড়—বাবা বিনোদের নাচের ছায়ায় কি অক্ষয়ের ভাইরাল স্টেপ?

বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধরের বহুচর্চিত ছবি ‘ধুরন্ধর’। মুক্তির কয়েক দিনের মধ্যেই শুধু দেশের বাজারেই ব্যবসা ছাড়িয়েছে দেড়শো কোটির গণ্ডি। তারকা সমৃদ্ধ এই অ্যাকশন-থ্রিলারের মাঝে দর্শকদের সবচেয়ে বেশি চমক দিয়েছেন অভিনেতা অক্ষয় খান্না। সিনেমায় তাঁর অভিনীত রহস্যময় চরিত্র রহমান ডাকাত এখন সোশ্যাল মিডিয়া থেকে মিম—সব জায়গাতেই আলোচনার কেন্দ্রে। বিশেষ করে তাঁর এন্ট্রি-সিকোয়েন্সে করা অনন্য নাচের স্টেপ মুহূর্তে ভাইরাল হয়েছে। অনেকে একে বলছেন—“জামাল কুদু পার্ট ২”!

কিন্তু নেটদুনিয়ায় নতুন চর্চা শুরু হয়েছে আরও এক ভিডিওকে ঘিরে। ১৯৮৯ সালের একটি পুরনো ফুটেজ হঠাৎই সামনে এসেছে, যেখানে একই ধরনের হাতের মুভমেন্টে নাচতে দেখা গিয়েছে অক্ষয়ের বাবা বিনোদ খান্নাকে। পাকিস্তানের লাহোরে আয়োজিত এক চ্যারিটি ইভেন্টে রেখা, বিনোদ খান্না, জাভেদ মিঁয়াদাদ ও ইমরান খান একসঙ্গে উপস্থিত ছিলেন। সেই মঞ্চেই বিনোদের নাচের ধরণ আজকের অক্ষয়ের ভাইরাল স্টেপের সঙ্গে আশ্চর্য মিল রেখেছে। ফলে প্রশ্ন উঠছে—বাবার নাচের কায়দাই কি অনুপ্রেরণা হয়েছে অক্ষয়ের লুকানো স্টাইলে?

অক্ষয়ের সহ-অভিনেতা দানিশ পান্ডোর দাবি, এই নাচ মোটেই কোরিওগ্রাফারের তৈরি নয়। অক্ষয় নিজে থেকেই পরিচালককে জিজ্ঞেস করেছিলেন—“এখানে একটু নাচতে পারি?”—এবং আদিত্য ধর তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেন। সেটে উপস্থিত সকলে নাকি তাঁর ওই ইম্প্রোভাইজড স্টেপ দেখে মুগ্ধ হয়েছিলেন।

বক্স অফিসেও বজ্রপাত অব্যাহত। প্রথম দিন আয় ২৮ কোটি, দ্বিতীয় দিনে ৩২ কোটি, রবিবার ছুটির দিনে আয় একলাফে পৌঁছয় ৪৩ কোটিতে। মঙ্গলবার পর্যন্ত দেশে মোট ব্যবসা দাঁড়িয়েছে ১৫২.৭৫ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় ছুঁয়েছে ২২৪.৭৫ কোটি।

‘ধুরন্ধর’-এর গল্প, অ্যাকশন আর আকর্ষণীয় চরিত্রদের ভিড়েও অক্ষয়ের এই ছোট্ট নাচের মুহূর্ত যে আজ মানুষের মুখে মুখে—তা প্রমাণ করে দিচ্ছে দর্শকের প্রিয়তাই শেষ কথা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.