বিনোদন

“বলিউডে পুরুষতন্ত্রের শিকড় গভীর, বদল একদিন আসবেই”— সরব নুসরত ভারুচা

বলিউডে পুরুষতন্ত্রের প্রভাব নিয়ে আবারও মুখ খুললেন অভিনেত্রী নুসরত ভারুচা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ভারতীয় সমাজের মূল কাঠামোতেই পুরুষতন্ত্রের যে গভীর শিকড় রয়েছে, তার ছাপ স্পষ্টভাবে পড়েছে হিন্দি ছবিতেও। নুসরতের মতে, “আমাদের দেশ মূলত পুরুষতন্ত্রেই বিশ্বাসী। সেই মানসিকতা সমাজ থেকে সিনেমার পর্দায় চলে আসে খুব সহজভাবেই। জনসংখ্যায় পুরুষের সংখ্যাও বেশি— ফলে এই পুরুষতন্ত্র আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে।”

অভিনেত্রী বলেন, বলিউডে বহু বছর ধরেই নায়ককেন্দ্রিক সিনেমার আধিক্য দেখা যায়। অ্যাকশন, বীরত্ব, অতিরঞ্জিত পৌরুষ— সবকিছুরই যেন আলাদা বাজার তৈরি হয়েছে। ফলে পরিবর্তন এত সহজে সম্ভব নয়। সত্যিকারের বদল আসতে সময় লাগবেই। তবে নুসরত আশাবাদী, “পরিবর্তন একদিন অবশ্যই আসবে। দর্শকও এখন নানা ধরনের গল্প দেখতে চান।”

তবে তিনি একথাও স্পষ্ট করে দেন যে, শুধুই পুরুষতান্ত্রিক গল্প বলিউডে প্রাধান্য পায় এমনটা নয়। নারী-কেন্দ্রিক বহু ছবিও সাম্প্রতিক সময়ে দারুণ সাড়া ফেলেছে। উদাহরণ হিসেবে নুসরত উল্লেখ করেন ‘মিমি’, ‘ছোরি’, ‘ড্রিম গার্ল’, ‘আকেলি’, ‘পিঙ্ক’— যেগুলি বক্স অফিসেও সফল। তাঁর কথায়, “নায়ককে কেন্দ্রে রেখেই যে কেবল ব্যবসা হবে— এমন ধারণা বহু দিন আগেই ভুল প্রমাণিত হয়েছে।”

নিজের কেরিয়ারের প্রসঙ্গেও অভিনেত্রী বলেন, তিনি প্রথমে কমেডি ঘরানার ছবিতে কাজ শুরু করলেও পরে উপলব্ধি করেন, বলিউডে একটি ঘরানার কাজ পেলে সেই ধরনের চরিত্রই বারবার অফার করা হয়। সেই ধারাবাহিকতা ভাঙতেই তিনি ‘ছোরি’ করতে রাজি হন। নুসরতের মতে, এই ছবিই তাঁকে দর্শকের কাছে নতুন রূপে তুলে ধরতে সাহায্য করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.