বিনোদন

গণেশ চতুর্থীর পরদিনই চমক নিয়ে হাজির রণবীর-দীপিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা

গণেশ চতুর্থীর পরদিনই মুম্বই শহরে নজর কেড়ে নিলেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার এক জনপ্রিয় গণেশ মণ্ডপে পূজা দিতে উপস্থিত হয়েছিলেন তারকা দম্পতি। দুজনেই সেজেছিলেন ঐতিহ্যবাহী পোশাকে। প্রথমে দীপিকা ভক্তিভরে প্রণাম করেন, তারপর রণবীরও প্রার্থনা জানান গণপতির সামনে। যদিও তাঁদের এক বছরের কন্যা দুয়া এদিন সঙ্গে ছিলেন না।

তবে ভক্তদের কাছে আসল চমক ছিল রণবীরের নতুন লুক। দীর্ঘদিন ধরে তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর জন্য রাখা ঘন দাড়ি ও লম্বা চুল কেটে একেবারে ক্লিন শেভ অবতারে হাজির হয়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে ভক্তরা উচ্ছ্বসিত। কেউ লিখেছেন,”অনেক দিন পর পুরনো রণবীরকে ফিরে পেলাম।” আবার কেউ মজা করে বলেছেন,”অবশেষে ব্যান্ড বাজা বারাত লুক ফিরল।” এমনকি এক নেটিজেনের মতে, এই রূপেই তিনি মানিয়ে যেতেন বহু আলোচিত শক্তিমান প্রজেক্টে।

বর্তমানে রণবীরকে ঘিরে আলোচনার কেন্দ্র ‘ধুরন্ধর’। আদিত্য ধরের পরিচালনায় তৈরি এই স্পাই থ্রিলারে তাঁর সঙ্গে থাকছেন সঞ্জয় দত্ত, আর মাধবন ও সারা অর্জুন। ছবিটি মুক্তি পাবে ৫ ডিসেম্বর, ২০২৫-এ। ইতিমধ্যেই ছবির ট্রেলার ইউএ ১৬+ সার্টিফিকেশন পেয়েছে। যদিও সম্প্রতি শুটিং সেট থেকে পাকিস্তানের পতাকা সংবলিত একটি দৃশ্য ফাঁস হওয়ায় বিতর্ক ছড়িয়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন গল্পের প্রেক্ষাপটেই পতাকার ব্যবহার হয়েছে, আবার অনেকেই এর বিরোধিতা করেছেন।

অন্যদিকে দীপিকা সম্প্রতি যুক্ত হয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির এক উচ্চ বাজেটের ছবিতে। সব মিলিয়ে এই দম্পতির উপস্থিতি গণেশ মণ্ডপে মাত্র কয়েক মিনিট হলেও, রণবীরের নতুন রূপ আর দীপিকার সৌন্দর্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। আবারও প্রমাণ হলো, এই তারকা জুটি সহজেই স্পটলাইট দখল করতে সক্ষম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.