আজকের দিনে মোবাইল ফোন, ল্যাপটপ বা ট্যাব ছাড়া জীবন কল্পনাই করা যায় না। কাজ থেকে শুরু করে বিনোদন প্রায় সারাদিনই আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, এই অভ্যাস আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।
গবেষণায় দেখা গেছে, ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিন থেকে নির্গত নীল আলো (Blue Light) ত্বকের গভীরে প্রবেশ করে কোষের গঠন নষ্ট করে দেয়। এর ফলে কোষ সংকুচিত হয়, ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে। এমনকি আগেভাগেই বলিরেখা ও কালো দাগ দেখা দিতে শুরু করে। চিকিৎসকরা তাই নীল আলোকে ‘ত্বকের নীরব শত্রু’ বলে অভিহিত করছেন।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে স্ক্রিনের সামনে বসে থাকলে হাইপারপিগমেন্টেশন, ফ্রেকলস এবং অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে পারে। যাঁরা প্রতিদিন ৪- ৬ ঘণ্টা বা তারও বেশি সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের ঝুঁকি সবচেয়ে বেশি। শিশু ও তরুণদের ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক, কারণ তারা গেমস ও সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ সময় কাটায়।
তাহলে সমাধান কী? বিশেষজ্ঞদের পরামর্শ
স্ক্রিন টাইম সীমিত করুন
অ্যান্টি-ব্লু লাইট ফিল্টার বা মোবাইলের নাইট মোড ব্যবহার করুন ভিটামিন সি ও ই সমৃদ্ধ ক্রিম/সিরাম ত্বকে লাগান
ঘরেই বসে স্ক্রিন ব্যবহার করলেও সানস্ক্রিন প্রয়োগ করুন
অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন
চিকিৎসকদের মতে, প্রযুক্তির সুবিধা যতই থাকুক না কেন, নিজের স্বাস্থ্যের সুরক্ষা আগে জরুরি। তাই এখন থেকেই সতর্ক না হলে অল্প বয়সেই ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে যেতে পারে।






