বিজয় উৎসবের দিন পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারানোর মর্মান্তিক ঘটনার পর প্রায় তিন মাস ধরে কার্যত নীরব ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আইপিএল জেতার আনন্দ যেমন স্তব্ধ হয়ে গিয়েছিল, তেমনই দলের সোশ্যাল মিডিয়া থেকেও হারিয়ে গিয়েছিল চেনা উচ্ছ্বাস। অবশেষে বুধবার সেই নীরবতা ভাঙল। দলের তরফে জানানো হল, গভীর যন্ত্রণার কারণেই এতদিন কোনও পোস্ট করা হয়নি। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে নতুন মানবিক উদ্যোগ ‘আরসিবি কেয়ার্স’।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে আরসিবি জানায়, “যে জায়গাটা একসময় স্মৃতি আর আনন্দে ভরে থাকত, ৪ জুনের ঘটনার পর তা পুরোপুরি বদলে গেছে। সেই দিনের ব্যথা আমাদের নীরব করে দিয়েছিল। অনেক কিছু শুনেছি, ভেবেছি, আর তাই এমন একটা পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, যেটা শুধুই প্রতিক্রিয়া নয়, বরং আমাদের অঙ্গীকার।”
এই উদ্যোগের অংশ হিসেবে পদপিষ্ট হয়ে মৃতদের প্রত্যেক পরিবারের হাতে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তৈরি করা হয়েছে বিশেষ তহবিল। দলের দাবি, এটি আইপিএল জয়ের উল্লাস নয়, বরং সমর্থকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি।
উল্লেখযোগ্যভাবে, ওই দিন পুলিশের আপত্তি সত্ত্বেও বিজয় শোভাযাত্রার আয়োজন নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি। শেষ পর্যন্ত রোড শো বাতিল হলেও, চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের ঘোষণা হয়েছিল শেষ মুহূর্তে। ফলে বিশাল ভিড় জমে যায় এবং সেখানেই ঘটে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনা।







