টিম ইন্ডিয়ার শিবিরে ফিরল বড় স্বস্তি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে গুরুতর চোট পাওয়ার পর দ্রুত সেরে উঠছেন ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। দীর্ঘ রিহ্যাব পর্ব কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পথে তিনি বড়সড় এক ধাপ এগোলেন।
অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শ্রেয়স। বুধবার মুম্বইয়ে নিজের প্রথম পূর্ণাঙ্গ ব্যাটিং সেশন সম্পন্ন করেন ৩১ বছর বয়সি এই ব্যাটার। চোটের পর এটিই ছিল তাঁর প্রথম সম্পূর্ণ নেট সেশন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক ঘণ্টা ব্যাট করেন শ্রেয়স এবং সবচেয়ে ইতিবাচক দিক হল—এই সময়ে কোনও ব্যথা বা অস্বস্তি অনুভব করেননি তিনি।
সফল এই ব্যাটিং সেশনের পর রিহ্যাবের পরবর্তী ধাপে এগোতে শ্রেয়স আইয়ার বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে যাচ্ছেন। সেখানে একাধিক শারীরিক ও ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যাবেন তিনি। মেডিক্যাল টিম ও সাপোর্ট স্টাফদের পর্যবেক্ষণের রিপোর্টের ভিত্তিতেই তাঁর মাঠে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গিয়েছে, চার থেকে ছ’দিন বেঙ্গালুরুতে থাকবেন শ্রেয়স।
যদিও তাঁর প্রত্যাবর্তনের নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে দ্রুত মাঠে ফেরার জন্য আগ্রহী এই মিডল অর্ডার ব্যাটার। আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজের আগে ম্যাচ ফিটনেস ফিরে পেতে চলতি ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে খেলার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়াকে এক বিসিসিআই সূত্র জানিয়েছে, “অস্ট্রেলিয়ায় শ্রেয়স আইয়ারের চোট অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। এর ফলে তাঁকে দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে। তবে ইতিবাচক দিক হল, তিনি এখন পুরোপুরি সুস্থ। মুম্বইয়ে ব্যাটিংয়ের সময় কোনও সমস্যাই দেখা যায়নি। নিউজিল্যান্ড সিরিজে তাঁর খেলা এখনও নিশ্চিত নয়, তবে বিজয় হাজারে ট্রফির শেষের দিকে প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে পেটে গুরুতর চোট পান শ্রেয়স আইয়ার। সেই কারণে তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং পরবর্তী দক্ষিণ আফ্রিকা সফরের ওডিআই সিরিজে অংশ নিতে পারেননি। তবে বর্তমানে তাঁর সুস্থতার অগ্রগতি আশাবাদী করছে নির্বাচক ও সমর্থকদের।
নিয়মিত জিম ও ফিটনেস রুটিনে ফিরেছেন শ্রেয়স। চোট-পরবর্তী সব স্ক্যান ও মেডিক্যাল রিপোর্টও স্বাভাবিক এসেছে, নতুন কোনও জটিলতার ইঙ্গিত মেলেনি। আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরবর্তী ওডিআই সিরিজ শুরু হওয়ার কথা। সময়সূচি কিছুটা চাপের হলেও, শ্রেয়স আইয়ারের দ্রুত সুস্থ হয়ে ওঠা এই মুহূর্তে ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে বড় সুখবর।







