বিনোদন

‘সুপারস্টার তকমা ভাঁওতা!’— শাহরুখ–সলমনকে নিশানা করে ফের বিস্ফোরক পরিচালক অভিনব কাশ্যপ

বলিউডের ‘দাবাং’ খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ আবারও তোপ দাগলেন ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় মুখ শাহরুখ খান ও সলমন খানের দিকে। বরাবরই বিটাউনের ‘তিন খান’-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনব। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফের পুরনো বিতর্কের ধারাবাহিকতায় বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

সাক্ষাৎকারে অভিনব সরাসরি প্রশ্ন তুললেন শাহরুখ ও সলমনের “সুপারস্টার” খ্যাতিকে ঘিরে। তাঁর কথায়, “শাহরুখ বা সলমন— তাঁরা কেউই সুপারস্টার নন। সুপারস্টার তারাই, যারা দেশের জন্য কিছু করেন, সমাজে পরিবর্তন আনেন। ওঁরা তো শুধু অভিনেতা— অভিনয় করেন, টাকা উপার্জন করেন। এর বাইরে পান–মশলার বিজ্ঞাপন, বিয়েবাড়িতে পারফরম্যান্স… এগুলো করে কি কেউ সুপারস্টার হয়ে যায়?”

অভিনবের দাবি, সুপারস্টার তকমা আদতে দর্শকদের ভুল বোঝানোর কৌশল। তাঁর মন্তব্য, “আমি এই সুপারস্টার শব্দেই বিশ্বাস করি না। আমার কাছে একটাই তারা— আকাশের তারা। সিনেমার তারকা বলে কিছু হয় না।”

তবে সমালোচনার মাঝেও শাহরুখের কাজের প্রশংসা করতে ভোলেননি তিনি। জানিয়েছেন, অভিনয় দক্ষতার দিক থেকে শাহরুখ বহু উল্লেখযোগ্য কাজ করেছেন, কিছু ছবিতে ব্যর্থও হয়েছেন— কিন্তু তাতে তিনি “বিশেষ কেউ” হয়ে যান না। তাঁর মতে, সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়তই নতুন নতুন অভিনেতা আসবেন, পুরোনোরা যাবেন— এটাই স্বাভাবিক চক্র। ফলে কোনও একজন অভিনেতার চারপাশে অতি উন্মাদনা বা ‘তারা’ তকমা সৃষ্টি করা অর্থহীন।

বলিউডে সুপ্রতিষ্ঠিত দুই তারকাকে নিয়ে তাঁর এই তির্যক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নেটদুনিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে পুরনো বিতর্ক টেনে আনছেন, আবার কেউ বা প্রশ্ন তুলছেন— ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই কি এভাবে তোপ দাগছেন পরিচালক? মন্তব্য যাই হোক, অভিনব কাশ্যপের সাম্প্রতিক বক্তব্য বলিউড মহলে যে নতুন শোরগোল তুলেছে, তা অনস্বীকার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.