ভিনরাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। এই লক্ষ্যে রাজ্যের প্রায় ২২ লক্ষ নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের মোবাইলে বিশেষ এসএমএস পাঠানো শুরু হয়েছে। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরের উদ্যোগেই এই বার্তা পাঠানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের নিজের রাজ্যে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল সরকার। এবার সেই উদ্যোগ বাস্তবায়নে সরাসরি তাঁদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে বাংলায় ফিরে আসার আবেদন জানানো হচ্ছে।
গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরের পাঠানো এসএমএসে শ্রমিকদের কয়েকটি বিষয়ে অবহিত করা হচ্ছে। প্রথমত, ভিনরাজ্যে কাজ ছেড়ে নিজেদের রাজ্যে ফিরে আসার জন্য তাঁদের আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি, বাংলায় পর্যাপ্ত কাজের সুযোগ রয়েছে এবং রাজ্য সরকার তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেওয়া হচ্ছে।
যেসব পরিযায়ী শ্রমিকের এখনও জব কার্ড তৈরি হয়নি, তাঁদের দ্রুত সেই কার্ড করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে ‘জি রাম জি’ প্রকল্পের আওতায় প্রচুর কাজের সুযোগ রয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
দফতর সূত্রে খবর, এই এসএমএস পাঠানোর প্রক্রিয়া একবারের জন্য সীমাবদ্ধ থাকছে না। প্রতি ১৫ দিন অন্তর শ্রমিকদের মোবাইলে একই ধরনের সচেতনতামূলক বার্তা পাঠানো হবে। মূলত ভিনরাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের নিজের রাজ্যে ফিরিয়ে এনে পরিবারের সঙ্গে থাকার সুযোগ করে দেওয়া এবং তাঁদের সম্মানজনক জীবিকার ব্যবস্থা করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।







