ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির দ্বিতীয় কলকাতা সফরকে ঘিরে যে চরম উন্মাদনা তৈরি হয়েছিল, তা শেষ হলো চরম হতাশা আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে। শনিবার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে ‘গোট ট্যুর’ এর ইভেন্টটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। মেসি মাত্র পাঁচ মিনিটের জন্য মাঠে উপস্থিত থাকার পরই স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন হাজার হাজার সমর্থক।
অনেক ভক্তই ৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত চড়া দামে টিকিট কেটেছিলেন প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য। কিন্তু তাঁদের দাবি, মেসির উপস্থিতি ছিল ‘পলক ফেলার মতোই’ সামান্য। তারকা ফুটবলার মাঠে এসে পুরোটা ঘুরে সমর্থকদের সঙ্গে সৌজন্য বিনিময় না করেই দ্রুত বেরিয়ে যান। একজন ক্ষুব্ধ সমর্থক এই ঘটনাকে ‘চরম অপমান’ বলে আখ্যা দিয়েছেন।
মেসির এই অতি-সংক্ষিপ্ত উপস্থিতির পরই যুবভারতীতে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। স্টেডিয়ামের ভিতরেই হিংসাত্মক হয়ে ওঠেন কিছু সমর্থক। তাঁরা বোতল, বেল্ট, চেয়ার ছুঁড়তে শুরু করেন এবং বিভিন্ন জায়গায় লাগানো হোডিং ও পোস্টার ভাঙচুর করেন। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে চলে আসে। মেসিকে কাছ থেকে দেখার জন্য ভক্তদের এত দিনের অপেক্ষা ও মোটা টাকা খরচ করার পরও যখন তাঁরা তারকাকে ভালোভাবে দেখতে পেলেন না, তখনই এই উত্তেজনা তৈরি হয়। তবে এই বিশৃঙ্খলার পর ইভেন্টের আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।







