প্রতারণা ও জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক তথা ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। এখনও তাঁর কোনও খোঁজ না মেলায় তদন্তকারীরা আরও কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন। শালবনি থানায় সুমিতের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও জমি প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল।
উল্লেখ্য, ২০২২ সালের কয়লা পাচার মামলাতেও সুমিত রায়ের নাম সামনে এসেছিল। সেই মামলায় তিনি গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে চিহ্নিত ছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। জানা যায়, কলকাতার একটি স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অভিষেক ও সুমিত একসঙ্গেই পড়াশোনা করেছেন। পরবর্তীতে অভিষেক এমবিএ পড়তে দিল্লি গেলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে সুমিত কলকাতাতেই উচ্চশিক্ষা সম্পন্ন করেন। দীর্ঘদিনের পরিচয় থাকা সত্ত্বেও অভিষেককে তিনি ‘স্যর’ বলেই সম্বোধন করতেন।
অভিষেকের বিভিন্ন সাংগঠনিক ও ব্যক্তিগত কাজের দায়িত্ব সামলাতেন সুমিত। গত শনিবার তাঁর সন্ধানে একাধিক স্থানে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। সূত্রের দাবি, সুমিতের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন পাওয়া যায় অভিষেকের বাড়ির আশপাশে। সেই সূত্র ধরেই গভীর রাতে কালীঘাটের পটুয়াপাড়ায় পৌঁছয় পুলিশ। বারবার ডাকাডাকির পরও কোনও সাড়া না মেলায় বাড়ির বাইরের দরজার তালা ভেঙে তল্লাশি চালানো হয়। যদিও সেখান থেকেও সুমিতের হদিস মেলেনি। পরে সকাল নাগাদ পুলিশ সেখান থেকে চলে যায়।
এদিকে, সুমিত রায়ের খোঁজ এখনও না মেলায় তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে, রবিবার প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে সিআইডির জেরার মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তের স্বার্থে কুণাল ঘোষ ও অভিষেককে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ফের তাঁকে তলব করা হয়েছে। বর্তমানে ইডির জেরার মধ্যেই রয়েছেন তিনি। এর মধ্যেই তাঁর ঘনিষ্ঠ সহকারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।







