কলকাতারাজনীতি

সাইবার প্রতারণার শিকার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অ্যাকাউন্ট থেকে উধাও ৫৫ লক্ষ টাকা

কলকাতা: চাঞ্চল্যকর সাইবার প্রতারণার ঘটনায় নাম জড়াল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) বিধানসভা উপশাখায় থাকা তাঁর এক পুরনো অ্যাকাউন্ট থেকে প্রায় ৫৫ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। ব্যাঙ্কের তরফেই ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসানসোল দক্ষিণের বিধায়ক থাকাকালীন অন্যান্য বিধায়কদের মতোই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামেও ওই উপশাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। দীর্ঘদিন লেনদেন না হওয়ায় সেটি ‘ডরম্যান্ট অ্যাকাউন্ট’-এ পরিণত হয়। অভিযোগ, সেই নিষ্ক্রিয় অ্যাকাউন্টকেই টার্গেট করে প্রতারকেরা এই জালিয়াতি চালায়।

সাংসদের দাবি, তাঁর ছবি ও মোবাইল নম্বর ব্যবহার করে কালীঘাট শাখার মূল অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তরিত করা হয় বিধানসভার ডরম্যান্ট অ্যাকাউন্টে, তারপর সেখান থেকেই তুলে নেওয়া হয় পুরো অর্থ।
হঠাৎ এই খবর পেয়ে হতবাক কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ব্যাঙ্কে টাকা রাখলে অপরাধীরা নেবে, আর বাড়িতে রাখলে নেবে নরেন্দ্র মোদী!” — মন্তব্যে রাজনৈতিক কটাক্ষও ছুঁড়ে দিয়েছেন তিনি।

ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ধরা পড়ার পরই তদন্তে নেমেছে এসবিআই ও কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। ঠিক কীভাবে এই জালিয়াতি ঘটল, তা জানতে লগইন তথ্য, ট্রান্সফার রেকর্ড ও কেওয়াইসি নথি খতিয়ে দেখা হচ্ছে।

সাংসদের আশা, দ্রুত অভিযুক্তদের ধরবে পুলিশ এবং তিনি তাঁর টাকাও ফিরে পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.