মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ উঠল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। উল্লেখ্য, শুক্রবার নিউ জলপাইগুড়ি এলাকায় ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগদান করেন দিলীপ। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রার ঘোষণা করেছিলেন। যার প্রেক্ষিতে দিলীপ বলেন, ‘উনি কি মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন? দম থাকলে, মুখ্যমন্ত্রী ডাকুন আমাদের সাংসদ, বিধায়কদের। আমি ডাকলেই যাব। কই আমাকে তো ডাকেন না! ডাকার হিম্মত নেই।’ দলীয় প্রার্থী না পেয়ে প্রার্থী খোঁজার জন্যই তৃণমূলের ‘জন সংযোগ যাত্রা’ বলে দিলীপ কটাক্ষও করেন।
অন্যদিকে৷ এসবের পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন, ‘ওঁদের ক্ষমতা নেই কাউকে ডাকার। নিজের দলের লোকেদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না।’ তবে মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে নিন্দার রোল সর্বত্র। এই নিয়ে তৃণমূল কংগ্রেস বড় কোনও পদক্ষেপ করতে পারে বলেও সূত্রের খবর।
এনজেপি স্টেশনের পাশে, বিজেপির উক্ত কর্মসূচিতে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মণ এবং অন্য নেতা-নেত্রী, মহিলা কর্মীরাও ছিলেন। বিজেপি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীকে নিয়ে দিলীপের বেলাগান মন্তব্যে পড়েন অনেকে।







