রাজনীতি

দিল্লিতে বিক্ষোভ সহজ, বাংলায় নামলেই জনতার মার! বিরোধীদের নিশানা অর্জুন সিংয়ের

দিল্লিতে ইন্ডি জোটের বিক্ষোভকে কেন্দ্র করে এবার বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার দিল্লিতে ইন্ডি জোটের ডাকা কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায়। সেই মিছিলে বাংলার তরফে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী-সহ বিরোধী নেতারা।

এই বিক্ষোভের প্রসঙ্গ টেনেই বিরোধীদের নিশানা করেন অর্জুন। তাঁর দাবি, দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখানো বিরোধীদের কাছে অনেকটাই সহজ। কিন্তু বাংলায় একই ধরনের কর্মসূচি করলে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হবে তাঁদের। তাঁর আরও দাবি, বিজেপি ছাড়া দিল্লিতে অন্য কোনও রাজনৈতিক দলের মিছিল করার ক্ষমতা নেই।

অর্জুন সিংয়ের কথায়, “এরা ভাবছে দিল্লিতে গেলে ওদের সুবিধা হবে। আর কলকাতায় এলে জনতা মারবে। দিল্লির জনতা তো আর এদের মারে না। দিল্লিতে বিজেপি ছাড়া আর কোনও রাজনৈতিক দলের ক্ষমতা নেই একটা মিছিল বের করার।”

দিল্লির বিক্ষোভে লোক জড়ো করা নিয়েও বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন পরিবহন মন্ত্রী। তাঁর দাবি, টাকা দিলেই সেখানে মিছিলে অংশ নেওয়ার জন্য লোক পাওয়া যায়। অর্জুনের বক্তব্য, “ওখানে এক হাজার টাকা দিয়ে লোক পাওয়া যায়। শুধু ঝান্ডা ধরতে হয়, আর খাওয়া-দাওয়া দিতে হয়। কত লোক ওখানে যায়। ওখানে ব্যবসা রয়েছে। ওখানে পার্টির লোক এখন বিজেপির সংগঠনের কাছে আছে, আর কারও কাছে নেই।”

এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন অর্জুন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের হাল খুব খারাপ, তাই আরশোলাদের সঙ্গে হাত মেলাতে হচ্ছে। আমরা তৈরি রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এগোতে দেব না।”

অর্জুনের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা প্রদীপ্ত মুখোপাধ্যায়। তাঁকে কটাক্ষ করে প্রদীপ্ত বলেন, “আসলে উনি খুব ভালো ঝান্ডা ধরতে পারেন। বারংবার ঝান্ডা বিভিন্ন সময় বিভিন্নরকমভাবে ধরেছেন। প্রকৃত পরিবহন মন্ত্রী। তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি…পরিবহনের জার্নিটা খুব ভালো বুঝেছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.