আরজি কর-কাণ্ড নিয়ে এখনো সঠিক বিচার হয়নি বলে সরব বিরোধীরা , সেখানে এবার খোদ সব দোষী ধরা পড়েনি বলেই মত তৃণমূল বিধায়কের ! বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর এমন মন্তব্যে , কার্যত অস্বস্তি বেড়েছে দলের অন্দরে ।
রাজ্যের শাসক দল তৃণমূলের কথায় বরাবরই উঠে এসেছে যে কলকাতা পুলিশ আর জি কর কান্ডে যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তার বিরুদ্ধেই চার্জশিট দেয়। এমনকি নিম্ন আদালতে দোষীও সাব্যস্ত হন সঞ্জয়। অর্থাৎ , তৃণমূলের কলকাতা পুলিশ যে পথে অগ্রসর হয়েছিল, সিবিআই-ও সে পথই অনুসরণ করে। সেক্ষেত্রে এবার চিরঞ্জিতের এমন মন্তব্যে , কার্যত নানান জল্পনা শুরু হয়েছে ।
চিরঞ্জিত চক্রবর্তীকে যখন প্রশ্ন করা হয় , ‘‘আপনার কি মনে হয়, দোষীরা ধরা পড়েনি?’’ তখন চিরঞ্জিতের কথায়, ‘‘ না,মনে হয় না তো। আমারও মনে হয় না। সবারই মনে হয় না। সিবিআই চোখ বন্ধ করে আছে। কেন্দ্রীয় সরকার কী করছে?’’ চিরঞ্জিত আরো বলেন , ‘‘সিবিআই তো দেখলাম, উপরে একটা কী ঘর আছে, ৯ নম্বর না কী ঘর! ওখানে নাকি রক্তের দাগ আছে! সেই ঘরের তো এখনও চাবিই খোলেনি। ঢোকেইনি। বহু মানুষ আছে, যাঁদের ক্রস এগজ়ামিনই করেনি।’’
তৃণমূল বিধায়কের এই মন্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষ জানিয়েছেন , ‘‘উনি একজন দায়িত্বশীল নাগরিক। বিশিষ্ট অভিনেতা। এই মনে হওয়ার পিছনে দুটো কারণ থাকতে পারে। এক, ওঁর কাছে তথ্য আছে। দুই, উনি কারও মুখ থেকে শুনে বলছেন। যা-ই হয়ে থাকুক, ওঁর উচিত সিবিআইয়ের অফিসে গিয়ে এটা বলে আসা। বিবৃতি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনও মানে নেই।’’
উল্লেখ্য , ৯ আগষ্ট নবান্ন অভিযানে গিয়ে আরজি কর কান্ডে নির্যাতিতার মা জখম হন , এবং এই প্রসঙ্গে বারাসাতের তৃণমূল বিধায়ক বলেন , ‘‘কে করেছে তো বোঝা যাচ্ছে না। জানা যাক। তার পর বলা যাবে। তবে যারা নিয়ে গিয়েছিল, নিরাপত্তা দেওয়া উচিত ছিল তাদের। বিজেপি নিয়ে গিয়েছিল। ঘিরে রেখেছিল। সেটা ঠিক ভাবে হয়নি। তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারব না। আমি দুঃখিত, মর্মাহত যে ওঁর লেগেছে। এর কিন্তু সমাধান হতেই হবে। এটুকু আমি বলতে পারি।’’







