রাজনীতি

অমিত শাহর বঙ্গ সফরেও জিইয়ে আদি-নব্য দ্বন্দ্ব, দিলীপ ঘোষ ব্রাত্য; সংগঠন দুর্বলতায় কোর কমিটির কড়া কাটাছেঁড়া

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তিনদিনের পশ্চিমবঙ্গ সফর শুরু হলেও রাজ্য বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠল। সোমবার সন্ধ্যা নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমে সোজা সল্টলেকের বিজেপি রাজ্য দফতরে যান অমিত শাহ। সেখানে রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হলেও কোর কমিটির সদস্য হওয়া সত্ত্বেও আমন্ত্রণ জানানো হয়নি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। মঙ্গলবার কোর কমিটি ও রাজ্য পদাধিকারীদের বৈঠকেও তাঁকে ডাকা হয়নি বলে দলীয় সূত্রে খবর।

শুধু দিলীপ ঘোষ নন, শাহর এই সফরে একাধিক বৈঠকে বহু পুরনো ও আদি বিজেপি নেতাকেও ব্রাত্য রাখা হয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত নতুন রাজ্য কমিটি ঘোষণা না হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। দলের ক্ষমতাসীন শিবিরের কয়েকজন শীর্ষ নেতাকেই কার্যত ঘিরে রাখা হচ্ছে অমিত শাহকে—এমনই অভিযোগ উঠছে বিজেপির একাংশে। সায়েন্স সিটি কিংবা হোটেলে হওয়া বৈঠকগুলিতে বাছাই করা নেতাদেরই রাখা হচ্ছে, যাতে আদি নেতৃত্ব সংগঠন পরিচালনা নিয়ে সরাসরি ক্ষোভ জানাতে না পারেন।

রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়েও শাহের বৈঠকে উঠে এসেছে কড়া বার্তা। সূত্রের খবর, এখনও প্রায় ৪০ শতাংশ বুথে কমিটি গঠিত হয়নি। জেলার পর জেলা গোষ্ঠীকোন্দল ও আদি-নব্য দ্বন্দ্ব সংগঠনকে দুর্বল করছে—এই বাস্তবতা সামনে রেখেই বুথস্তরে জনসংযোগ জোরদার করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকলকে একত্রিত হয়ে মাঠে নামার কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

সোমবার রাতে শাহ তাঁর এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, “পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনদিনের সফরে কলকাতায় পৌঁছেছি। বিমানবন্দরে কর্মী-সমর্থকদের ভালবাসায় অভিভূত।”
মঙ্গলবার কোর গ্রুপের বৈঠকে বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি।

মতুয়া ভোটব্যাংক ও এসআইআর নিয়েও বৈঠকে বিস্তর আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে শান্তনু ঠাকুরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মতুয়া ভোট ধরে রাখা নিয়ে বিজেপির অন্দরে উদ্বেগ রয়েছে। ভোটার তালিকা থেকে মতুয়াদের নাম বাদ পড়ার অভিযোগ, শান্তনু ও সুব্রত ঠাকুরের ভূমিকা—সব মিলিয়ে পরিস্থিতি জটিল। সেই প্রেক্ষিতেই নাগরিকত্ব ও সিএএ নিয়ে স্পষ্ট বার্তা দিতে পারেন শাহ।

বৈঠকে নির্বাচনী প্রচারের দিকনির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ ও ধর্মীয় রাজনীতির পাশাপাশি শিল্প, কৃষি, সড়ক পরিবহণ ও মহিলাদের ক্ষমতায়নের বিকল্প উন্নয়ন মডেল তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। “সরকার গঠন হচ্ছেই”—এমন প্রত্যয়ও বৈঠকে ব্যক্ত করেন শাহ।

এদিকে, অমিত শাহর সফর ঘিরে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “ভোট এলেই মোদি-শাহরা বাংলায় ডেলিপ্যাসেঞ্জারি করেন। কিন্তু বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবং আবারও করবে।”
কুণালের অভিযোগ, আর্থিক বৈষম্য, বাংলার অধিকার হরণ, বাংলা ভাষা ও সংস্কৃতিকে অপমান এবং বাংলাভাষীদের বাংলাদেশি আখ্যা দেওয়ার রাজনীতির কারণেই বিজেপি বাংলায় প্রত্যাখ্যাত।

কুণাল ঘোষ আরও কটাক্ষ করে বলেন, “বিজেপির অর্ধেক সংগঠনই নেই। তিন-চারটে গোষ্ঠীতে ভাগ। মানুষ কেন ওদের বিশ্বাস করবে?” তাঁর ব্যঙ্গ, “নেতারা আসবে, হোটেলে থাকবে, খরচ করবে—আর ভোটে হারবে।”

মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এসআইআর ও সিএএ নিয়ে শাহ কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বিকেলে সংঘের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং বুধবার সায়েন্স সিটিতে মহানগর ও জেলা নেতৃত্বদের নিয়ে সভা রয়েছে অমিত শাহর। সফরের শুরুতেই স্পষ্ট—বঙ্গ বিজেপির সংগঠনের ভিত মজবুত করা ও আদি-নব্য দ্বন্দ্ব সামাল দেওয়াই এই সফরের বড় চ্যালেঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.