বাথরুমে গোপন ক্যামেরা রাখার ঘটনা নিয়ে চাঞ্চল্যের পরিবেশ উত্তরপ্রদেশের নয়ডার একটি বেসরকারি প্লে স্কুলে। ওই স্কুলের শৌচালয়ের বাল্ব হোল্ডারের গায়ে পাওয়া যায় গোপন ক্যামেরাটি।
পুলিশ জানান, এই ঘটনাকে কেন্দ্র করে ওই স্কুলের ডিরেক্টরকে গ্রেপ্তার করা হয় এবং বলেন ওই ক্যামেরাটি সব সময়ই চালু থাকতো ও ওর মধ্য দিয়ে লাইভ স্টিম করার অভিযোগ ওঠে।
পুলিশ সূত্রে খবর, স্কুলের এক শিক্ষিকা ১০ ডিসেম্বর শৌচাগারে যান সেখানে বাল্ব হোল্ডারে সন্দেহজনক কিছু দেখতে পান। ভালোভাবে লক্ষ্য করার পরে বোঝেন ওটি একটি স্পাই ক্যামেরা। এই বিষয়টিকে স্কুলের ডিরেক্টরকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ। ওই শিক্ষিকা নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বললে তারা বলেন ওই ক্যামেরাটি ডিরেক্টর নিজেই বসিয়েছেন। তারপরই শিক্ষিকা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
তদন্তে পুলিশ জানতে পারে, অনলাইনের মাধ্যমে এই স্পাই ক্যামেরাটি কেনা হয়েছিল। এক পুলিশ আধিকারিক জানান, স্কুলের এক শিক্ষকও দাবি করেন এর আগেও তিনি স্কুলের শৌচাগারে একটি স্পাই ক্যামেরা পেয়েছিলেন এবং সেটি ডিরেক্টরকে দিয়েছিলেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায় অভিযুক্ত ডিরেক্টর স্বীকার করেছেন যে তিনি একটি ভাড়া করা ঘরে প্লে স্কুল চালাতেন এবং ২০২৪ সালের এপ্রিল মাসে এই স্কুলটি শুরু করেছিলেন। তিনি আরও বলেন ২২০০ টাকায় অনলাইনে একটি গোপন ক্যামেরা অর্ডার করেছিলেন, যাতে কোনো রেকর্ডিং ব্যবস্থা ছিল না, তবে তিনি মাঝে মাঝে এটির মাধ্যমে লাইভ দেখতেন। বাল্ব হোল্ডারে তিনিই গোপন ক্যামেরাটি লাগিয়েছিলেন বলে স্বীকার করেছেন।







