কলকাতাক্রাইম

জামতাড়া গ্যাংয়ের জাল কলকাতায়! ভুয়ো অ্যাপ পাঠিয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেফতার আরও এক

খাস কলকাতার বুকে বসেই রমরমিয়ে চলছিল ঝাড়খণ্ডের কুখ্যাত ‘জামতাড়া গ্যাং’-এর প্রতারণা চক্র। ভুয়ো অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ঘটনায় ফের এক ধাপ এগোল পুলিশি তদন্ত। এই মামলায় বুধবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ আরিফ। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করানো হলে বিচারক আগামী ২ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেই দক্ষিণ কলকাতার বিজয়গড় এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতেরা হলেন জামশেদ আনসারি, মহম্মদ সোয়েব আনসারি, বীরেন্দ্র পণ্ডিত ও প্রদীপ মণ্ডল। সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা। তদন্তে উঠে এসেছে, ধৃতদের প্রত্যেকের সঙ্গেই জামতাড়া গ্যাংয়ের সরাসরি যোগাযোগ রয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, প্রতারকেরা নিজেদের কখনও দেশের নামী হাসপাতালের প্রতিনিধি, কখনও আবার পরিবহন দফতরের কর্তা হিসেবে পরিচয় দিতেন। হোয়াট্‌সঅ্যাপে যাতায়াত বা হোটেল বুকিংয়ের নাম করে পাঠানো হত ভুয়ো মেসেজ। সেই মেসেজের সঙ্গেই থাকত একটি এপিকে ফাইল। ব্যবহারকারী সেই ফাইল ডাউনলোড করলেই মোবাইল ফোন চলে যেত প্রতারকদের নিয়ন্ত্রণে।

এর পর মোবাইলে থাকা ইউপিআই, ব্যাঙ্কিং অ্যাপ বা অন্যান্য অনলাইন লেনদেনের মাধ্যম ব্যবহার করে ধাপে ধাপে টাকা সরিয়ে নেওয়া হত প্রতারকদের অ্যাকাউন্টে। এই চক্রে পড়ে ইতিমধ্যেই কয়েকশো মানুষ প্রতারিত হয়েছেন বলে পুলিশের অনুমান।

বিজয়গড়ের ফ্ল্যাট থেকে পুলিশ একটি ম্যাকবুক, ২৪টি মোবাইল ফোন, ইন্টারনেট রাউটার, অপরাধ সংক্রান্ত নথি ও একাধিক স্ক্রিনশট বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ২৫০ জনের প্যান কার্ডের তথ্য ও ২৫ জনের প্যান কার্ডের নথি।

পুলিশের বক্তব্য, এই চক্রের শিকড় আরও গভীরে রয়েছে। কলকাতা ছাড়াও দেশের অন্য রাজ্যে এই প্রতারণার জাল ছড়িয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও গ্রেফতারির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.