প্রয়াত হলেন ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন , “খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরও এগিয়ে যাক ভারত-বাংলাদেশ সম্পর্ক।” ২০১৫ সালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। মোট দুই দফায় বাংলাদেশ শাসনে ক্ষমতায় এসেছিলেন তিনি। দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন খালেদা। মঙ্গলবার সকালে বাংলাদেশের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর শুনতেই শোক জ্ঞাপন করে ভারতের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , “প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ঢাকায় প্রয়াত হয়েছেন। এই খবরে আমি অত্যন্ত শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকলকে সমবেদনা জানাই। সর্বশক্তিমান তাঁর পরিবারকে এই ক্ষতি সামলানোর সাহস দিন।”
দীর্ঘদিন ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর শুনতেই, তার দ্রুত সুস্থতার কামনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন , “বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের উন্নতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্কেও তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আশা করি, খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরও এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক। খালেদার আত্মা শান্তিতে ঘুমোক।”
পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যুতে নিজের সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস । তিনি লিখেছেন, “এই জাতি তাঁর অন্যতম অভিভাবককে হারাল। খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য।” খালেদা জিয়ার শাসনকালে বাংলাদেশের নারী শিক্ষা এগিয়ে গিয়েছে তাও উল্লেখ করেছেন ইউনূস। তিনি বলেন , “তিনি মেয়েদের জন্য বিনামূল্য শিক্ষা, ভাতা প্রকল্পের সূচনা ঘটিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে তৎকালীন সময়ে যা ছিল বেনজির।”
মঙ্গলবার সকালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর পেতেই বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল।”







