বিনোদন

যৌন হেনস্তার অভিযোগে তোলপাড় হলিউড, উইল স্মিথের বিরুদ্ধে মামলা পুরুষ সহশিল্পীর

নতুন বছরের শুরুতেই বড়সড় বিতর্কে জড়ালেন হলিউড তারকা উইল স্মিথ। জনপ্রিয় অভিনেতা ও র‍্যাপারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে লস অ্যাঞ্জেলেসের আদালতে মামলা দায়ের করেছেন তাঁরই পুরুষ সহশিল্পী ব্রায়ান কিং জোসেফ। অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে পশ্চিমী বিনোদন দুনিয়ায়।

হলিউড সূত্রে জানা গিয়েছে, ‘বেসড অন আ ট্রু স্টোরি ২০২৫’ ট্যুরে উইল স্মিথের সঙ্গে সফরসঙ্গী হিসেবে কাজ করছিলেন পেশাদার বেহালাবাদক ব্রায়ান কিং জোসেফ। সেই ট্যুর চলাকালীনই নাকি দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। আদালতে দায়ের করা মামলায় জোসেফ দাবি করেছেন, ২০২৫ সালের মার্চ মাসে লাস ভেগাসে থাকাকালীন ঘটনাটি ঘটে।

অভিযোগ অনুযায়ী, একদিন হোটেলে ফিরে জোসেফ দেখতে পান, তাঁর অনুপস্থিতিতে কেউ অনুমতি ছাড়াই ঘরে ঢুকেছে। ঘরের ভিতরে পড়ে ছিল যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা, ওয়াইপস, একটি বিয়ারের বোতল, এইচআইভি সংক্রান্ত কিছু ওষুধ এবং হাসপাতালের নথি। পাশাপাশি একটি হাতে লেখা চিঠিও ছিল। সেখানে লেখা ছিল, “ব্রায়ান, আমি আর দেরি না করে ৫:৩০ টায় ফিরে আসব। তখন শুধু আমরাই থাকব।”

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ট্যুর চলাকালীন স্মিথ নাকি জোসেফের সঙ্গে দীর্ঘ সময় কাটাতেন এবং একাধিকবার বলেন যে, তাঁদের মধ্যে একটি “বিশেষ সম্পর্ক” রয়েছে, যা অন্য কারও সঙ্গে নেই। জোসেফের অভিযোগ, এই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে স্মিথ তাঁকে যৌনভাবে শোষণ করার পরিকল্পনা করেছিলেন।

তবে বিষয়টি প্রকাশ্যে আসার আগেই স্মিথের টিমের সদস্যরা নাকি জোসেফকে ভয় দেখান এবং শেষ পর্যন্ত তাঁকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই লস অ্যাঞ্জেলেসের আদালতে উইল স্মিথের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করেছেন ব্রায়ান কিং জোসেফ। ঘটনায় এখনও পর্যন্ত উইল স্মিথের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.