ভিন জাতের ছেলেকে বিয়ে—এই ‘অপরাধে’ নিজের মেয়েকেই মৃত্যুর মুখে ঠেলে দিলেন বাবা। কর্নাটকের হুব্বাল্লিতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় ফের সামনে এল তথাকথিত ‘সম্মান রক্ষার’ নামে নারীর উপর চরম সহিংসতার ভয়াবহ ছবি। নিহত তরুণীর নাম মান্য। বয়স মাত্র ১৯। তিনি ছ’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের অমতে ভিন জাতের যুবককে বিয়ে করে বাড়ি ছেড়েছিলেন মান্য। বিয়ের পর প্রাণের আশঙ্কায় স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে তিনি হুব্বাল্লি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পাশের একটি জেলায় গিয়ে বসবাস শুরু করেন। তবে গত ৮ ডিসেম্বর ফের এলাকায় ফিরে আসেন তাঁরা। এরপরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
অভিযোগ, রবিবার সকালে মান্যের বাবা প্রকাশ ফক্কিরাগোদা প্রথমে তাঁর জামাই ও জামাইয়ের বাবার উপর হামলার চেষ্টা করেন। কোনওমতে তাঁরা পালিয়ে প্রাণে বাঁচেন। কিন্তু আক্রোশ সেখানেই থামেনি। সন্ধ্যায় কয়েক জনকে সঙ্গে নিয়ে মান্যের শ্বশুরবাড়িতে চড়াও হন প্রকাশ। অভিযোগ, ঘরে ঢুকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় অন্তঃসত্ত্বা মান্যকে। বাধা দিতে গেলে শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদেরও মারধর করা হয়।
গুরুতর জখম অবস্থায় মান্যকে হাসপাতালে ভর্তি করানো হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই মান্যের বাবা প্রকাশ ফক্কিরাগোদা ও তাঁর দুই আত্মীয়কে আটক করা হয়েছে। ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস পুলিশের। এই নৃশংস ঘটনা ফের প্রশ্ন তুলে দিল—সমাজে অনার কিলিং কবে বন্ধ হবে?







