জানুয়ারির শুরুতেই শীতের ছন্দে ভাঙন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের আবহাওয়ায় আসছে একাধিক পরিবর্তন। দক্ষিণবঙ্গে আপাতত ঠান্ডার দাপট কিছুটা কমলেও, ঘন কুয়াশা বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টি এবং পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা জোরালো হচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। এরপর দু’-তিনদিন একই রকম আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তা নামতে পারে ১০ থেকে ১৪ ডিগ্রিতে। তবে স্বস্তি দীর্ঘস্থায়ী নয়—আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারদ পতনের ইঙ্গিত। বুধ ও বৃহস্পতিবার তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তর-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর অবস্থানরত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। এর ফলেই কুয়াশার ঘনঘটা। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় দৃশ্যমানতা কমতে পারে।
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও নাটকীয়। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে—সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন, চটকপুরে সাদা চাদরে ঢাকার সম্ভাবনা। পার্বত্য দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে। উপরের পাঁচ জেলায় তা থাকবে ৯ থেকে ১২ ডিগ্রির ঘরে, আর মালদহ-সহ উত্তরবঙ্গের নীচের দিকে তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে।
সোমবার থেকে উত্তরবঙ্গে ফের শীতের দাপট বাড়ার ইঙ্গিত—পারদ ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সঙ্গে বজায় থাকবে ঘন কুয়াশা। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর কুয়াশায় ঢেকে যেতে পারে।







