কলকাতারাজনীতি

ছাব্বিশের ভোটের ছক হাতিয়ে নেওয়ার চেষ্টা?আইপ্যাক তল্লাশিতে ‘তথ্য চুরি’র অভিযোগে হাইকোর্টে মুখোমুখি তৃণমূল ও ইডি

আইপ্যাকের অফিস এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। এই তল্লাশি অভিযানের রেশ শেষ পর্যন্ত পৌঁছাল আদালত পর্যন্ত। ইডির এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের স্পষ্ট অভিযোগ, ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের যাবতীয় গোপন কৌশল এবং তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হয়েছে।

বৃহস্পতিবার সল্টলেকে আইপ্যাকের অফিস এবং লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই খবর পেয়েই আর বসে থাকেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর গড়াতেই তিনি পৌঁছে যান প্রতীকের বাড়িতে। সেখান থেকে একটি সবুজ রঙের ফাইল হাতে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইডিকে দিয়ে তাঁর দলের আইটি ইনচার্জের বাড়ি থেকে প্রার্থীর তালিকা ও নির্বাচনের রণকৌশল সংক্রান্ত নথিপত্র চুরির চেষ্টা করেছেন। তিনি নিজেই বেশ কিছু হার্ড ডিস্ক ও ফাইল উদ্ধার করে নিয়ে এসেছেন বলে জানান।

পাল্টা হিসেবে আদালতের দ্বারস্থ হয়েছে ইডিও। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, তল্লাশি চালানোর সময় পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কাজে চরম বাধা দেওয়া হয়েছে। বিশেষ করে যখন পুলিশ কমিশনার ও মুখ্যমন্ত্রী ওই বাড়িতে ঢোকেন, তখন তদন্তের গোপনীয়তা বজায় রাখা কঠিন হয়ে পড়েছিল। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের বচসার বিষয়টিকেও আদালতের নজরে এনেছে ইডি। তৃণমূলের পক্ষে দায়ের করা মামলায় বলা হয়েছে, আইপ্যাক কেবল একটি সংস্থা নয়, তারা দলের প্রধান পরামর্শদাতা। নির্বাচনের আগে অনেক সংবেদনশীল তথ্য তাদের কাছে থাকে, যা লুণ্ঠনের চেষ্টা করছে বিজেপি। হাইকোর্ট এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। শুক্রবারই বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি এবং তৃণমূল দুই পক্ষের করা সবকটি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এখন দেখার, এই ‘নথি লড়াই’ আদালত কক্ষে কোন দিকে মোড় নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.