ঠিক যেন ফিরল পুজোর আগের সেই চেনা দৃশ্য। ফের একবার রাতভর তুমুল বৃষ্টির সাক্ষী থাকল কলকাতা। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে শহরজুড়ে। মানিকতলা থেকে উল্টোডাঙা — সর্বত্রই একই ছবি। প্রবল বৃষ্টিতে ফের জল জমেছে একাধিক রাস্তায়, যানচলাচলেও তৈরি হয়েছে সমস্যার আশঙ্কা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবারও দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আকাশ মেঘলা থাকবে, কার্নিভালের আনন্দে ভাটা ফেলতে পারে এই বৃষ্টি।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও, বর্ষা বিদায় কবে— সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
শনিবার রাত ১২টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিসংখ্যান বলছে— শহরের বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে নিম্নরূপঃ
মানিকতলা: ৫৩ মিমি
দত্তবাগান: ৩৯ মিমি
বীরপাড়া: ৩৫ মিমি
মার্কাস স্কোয়ার: ৪০ মিমি
বেলগাছিয়া: ১২ মিমি
ধাপা লক: ১৭ মিমি
তপসিয়া: ২৯ মিমি
উল্টোডাঙা: ৩৮ মিমি
কামডহরি: ২৬ মিমি
পামার বাজার: ৪৫ মিমি
ঠনঠনিয়া: ৪৬ মিমি
কুলিয়া ট্যাংরা: ৩১ মিমি
চিংড়িঘাটা: ২৬ মিমি
পাগলাডাঙ্গা: ২১ মিমি
বালিগঞ্জ: ৩৩ মিমি
মোমিনপুর: ৪৬ মিমি
চেতলা লক: ৪৫ মিমি
যোধপুর পার্ক: ৩৭ মিমি
কালীঘাট: ৩৮ মিমি
ট্রিচিং গ্রাউন্ড: ১৯ মিমি
ধানখেতি খাল: ২৫ মিমি
জোকা ডিপিএস: ২১ মিমি
বেহালা ফ্লায়িং ক্লাব: ৩৩.৪ মিমি
সিপিটি ক্যানাল: ৪৫ মিমি
কুঁদঘাট: ২৪ মিমি
এসএসই পিএস: ১৯.৭ মিমি
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে এখনও আকাশ ভারী থাকলেও, আবহাওয়াবিদরা জানিয়েছেন — কয়েকদিনের মধ্যেই বিদায় নিতে পারে বর্ষা।







