নৌসেনা প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশকে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার আওতায় শুনানির নোটিস পাঠানোকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা ও পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাক্তন নৌসেনা প্রধানের অভিযোগ, সাধারণ নাগরিকদের দেওয়া তথ্য যদি সংশ্লিষ্ট ফর্মে সঠিকভাবে প্রতিফলিত না হয়, তবে সেই ফর্মের কাঠামো ও প্রক্রিয়া পুনর্বিবেচনা করা জরুরি।
নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকা সংশোধনের অংশ হিসেবে তাঁকে একটি বৈঠকে হাজির হয়ে নিজের পরিচয় যাচাই করতে বলা হয়েছে। এই নির্দেশ পাওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের অসন্তোষ প্রকাশ করেন অ্যাডমিরাল প্রকাশ। তিনি লেখেন, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চান— যদি নিয়মতান্ত্রিকভাবে জমা দেওয়া তথ্য সত্ত্বেও এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তা হলে সংশোধন প্রক্রিয়ার নকশাতেই গলদ রয়েছে।
এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। বহু ব্যবহারকারী একে ‘চরম প্রশাসনিক ভুল’ বলে অভিহিত করেন। কেউ কেউ প্রস্তাব দেন, চাইলে নির্বাচন কমিশন নিয়ম মেনে অ্যাডমিরাল প্রকাশের বাড়িতেই বিথ লেভেল অফিসার (BLO) পাঠিয়ে নথি যাচাই করতে পারে। তবে সেই প্রস্তাব বিনীতভাবে প্রত্যাখ্যান করেন প্রাক্তন নৌসেনা প্রধান। তাঁর স্পষ্ট বক্তব্য, তিনি কোনও রকম ‘বিশেষ সুবিধা’ প্রত্যাশা করেন না।
এক্স-এ দেওয়া আরেকটি পোস্টে অ্যাডমিরাল প্রকাশ লেখেন, ‘অবসর নেওয়ার ২০ বছরে আমি কখনও বিশেষ সুবিধা চাইনি। আমার স্ত্রী ও আমি নিয়ম মেনে এসআইআর ফর্ম পূরণ করেছি এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত গোয়ার খসড়া ভোটার তালিকা ২০২৬-এ নিজেদের নাম দেখে সন্তুষ্ট হয়েছিলাম। তবুও কমিশনের তরফে যে নির্দেশ এসেছে, আমরা তা মেনে চলব।’
উল্লেখযোগ্য ভাবে, অ্যাডমিরাল অরুণ প্রকাশের সামরিক জীবনের মেয়াদ প্রায় ৪০ বছর। তিনি একটি ক্যারিয়ার-ভিত্তিক ফাইটার স্কোয়াড্রন, একটি নৌ বিমানঘাঁটি এবং চারটি যুদ্ধজাহাজের নেতৃত্ব দিয়েছেন— যার মধ্যে ছিল দেশের অন্যতম প্রধান এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিরাট। ১৯৭১ সালের যুদ্ধে পাঞ্জাবে ভারতীয় বায়ুসেনার একটি ফাইটার স্কোয়াড্রনের সঙ্গে উড়ান চালিয়ে বীরত্বের জন্য তিনি বীর চক্রে সম্মানিত হন।
নৌসেনা প্রধান হিসেবে তাঁর কার্যকালে নীতি নির্ধারণ, সামরিক কৌশল, বাহিনীর রূপান্তর এবং আন্তর্জাতিক সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। অবসরের পর তিনি দু’দফা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে কাজ করেছেন এবং ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের জুন মাস থেকে বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে বিশেষ নিবিড় সংশোধনের নতুন পর্ব শুরু হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য যোগ্য নাগরিকদের নাম তালিকাভুক্ত করা এবং অযোগ্যদের নাম বাদ দেওয়া। তবে প্রাক্তন নৌসেনা প্রধানের ঘটনাকে কেন্দ্র করে সেই প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেল।






