ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Bengal Tour)। সূত্রের খবর, আগামী ১৮ ফেব্রুয়ারি দু’দিনের জন্য রাজ্যে আসবেন তিনি। চলতি মাসেই তাঁর এটি দ্বিতীয় বঙ্গ সফর। রাজনৈতিক মহলের মতে, ভোটের এক বছর আগে এই সফর বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এর আগে গত ৩০ জানুয়ারি কলকাতায় এসে অমিত শাহ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে বিজেপি সূত্রে খবর। পরদিন ব্যারাকপুর ও শিলিগুড়িতে দুটি বড় সভাও করেন তিনি।
তবে এবারের সফর কিছুটা ভিন্ন। জানা যাচ্ছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার কারণে কোনও জনসভা করবেন না অমিত শাহ। তার বদলে রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক করবেন তিনি। বুথ স্তর থেকে জেলা—পুরো সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেটাই থাকবে এই সফরের মূল লক্ষ্য।
উল্লেখ্য, বছরের শুরু থেকেই রাজ্যে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শাসক তৃণমূল কংগ্রেস যেমন জনসভা, কর্মসূচি ও সফরের মাধ্যমে ভোট ধরে রাখার কৌশল নিচ্ছে, তেমনই বিজেপিও সমানতালে নিজেদের সংগঠন মজবুত করতে মাঠে নেমেছে। বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যেই পদ্ম শিবির যে নতুন করে গতি বাড়াচ্ছে, তা স্পষ্ট।
এই আবহেই সম্প্রতি দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Naveen)। বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দেন—শুধু মঞ্চে বক্তৃতা নয়, নেতাদের মাঠে নেমে জনসংযোগ বাড়াতে হবে। ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই যে দলের অগ্রাধিকার, সেই বার্তাই দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, জনসভা না থাকলেও অমিত শাহের আসন্ন বঙ্গ সফর যে বিজেপির নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য।







