নিজস্ব সংবাদদাতা: সারদা মামলার অন্যতম অভিযুক্ত হলেন কুণাল ঘোষ। জামিনে ছাড়া পেলেও, তার বিদেশে যাত্রা করার জন্য নানান রকম বিধি নিষেধ পড়ছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়ে স্পেনে যাওয়ার আবেদন নিয়ে কুণাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হলেও অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত। এই বিষয়টা নিয়ে সিবিআই, আদালতের কাছ থেকে বিবেচনা করার জন্য সময় চেয়ে নেয়। কিন্তু দেরি করতে কুণাল নারাজ। তাড়াতাড়ি শুনানির আবেদনের জন্য আদালতের দ্বারস্থ হন তিনি। কিন্তু তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল। কুণাল ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলন উপলক্ষে যখন স্পেনে যাবেন, তখন তিনিও যেতে চান সঙ্গে। জামিনের শর্ত মেনেই আদালতের অনুমতি নিতে যান তিনি। কিন্তু কুণালের বিদেশ যাত্রায় আপত্তি জানায় কেন্দ্রীয় সংস্থা সিবিআই। কেন আপত্তি? জানতে চায় আদালত। এরপরই সময় চেয়ে নেয় কেন্দ্রীয় সংস্থা। আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
এরপরই কুণাল দাবি করেন, শুনানি এগিয়ে আনা হোক। নাহলে দেরী হয়ে যাবে। আজ, শুক্রবার মামলাটি উঠলে কুণাল ঘোষের আইনজীবী জানান ৫ সেপ্টেম্বরের শুনানি হলে ভাল হয়, নাহলে ভিসা পেতে সমস্যা হবে।
বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ‘এটা কোনও জীবন সঙ্কটের বিষয় নয়।’ ৫ সেপ্টেম্বরেই শুনানির দিন ধার্য করা হয়েছে। সুতরাং কুণাল ঘোষের বিদেশ যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটল না আপাতত।







