নিজস্ব সংবাদদাতা : সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলির আরো সক্রিয়তা বাড়বে লোকসভা ভোটের আগে। এবার আরো বেশি করে তল্লাশির অভিযান থাকবে বিরোধী নেতাদের বিরুদ্ধে । শুক্রবার মুম্বইয়ে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেছেন,‘‘পটনা এবং বেঙ্গালুরু বৈঠক দেখে বিজেপির আশঙ্কা বেড়েছে। তাই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে আক্রমণের মাত্রা বাড়ানো হবে। বিজেপির এই প্রতিহিংসার রাজনীতির মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’’
ওই বৈঠকে খড়্গে, লোকসভা ভোটের আগে বিজেপি সুকৌশলে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালাতে পারে এমন বলে ‘ সতর্কবার্তা ‘ দিয়েছেন। বিরোধী শিবিরের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণা, শেয়ার দরে কারচুপির অভিযোগ, আদানি গোষ্ঠীকে মোদী সরকারের বিভিন্ন রকম সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ থেকে নজর ঘোরাতেই সিবিআই-ইডি-কে লোকসভা ভোটের আগে আরও ‘সক্রিয়’ করা হবে।
বিরোধীদের আশঙ্কা, বিভিন্ন মামলায় মণীশ সিসৌদিয়া, সেন্থিল বালাজির মতোই বিরোধী শিবিরের আরও কয়েক জন নেতাকে গ্রেফতার করা হতে পারে। শক্তিশালী বিরোধী দলগুলিকে অর্থাৎ কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, ডিএমকে, আরজেডি, জেডিইউ, এনসিপি, শিবসেনা (উদ্ধব)-এর উপর বিশেষ ভাবে নিশানা করা হতে পারে।
সূত্রে খবর, মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠকের আগেই মোদী ‘ঘনিষ্ঠ’ আদানিদের বিরুদ্ধে নতুন করে আর্থিক অনিয়মের প্রতিবেদন প্রকাশ করেছে দু’টি প্রথম সারির বিদেশি সংবাদপত্র। দেশের বাইরে আদানি গোষ্ঠীর টাকা কর ফাঁকি দিয়ে পাচার করা হয়েছে। পরে তা আবার ঘুরে আদানির সংস্থার শেয়ারেই লগ্নি করা হয়েছে।যার জন্য আদানি গোষ্ঠীর সংস্থার শেয়ারদর রমরমা হয়ে উঠেছে। গোটা কারবারে গৌতম আদানির ভাই বিনোদ আদানি এবং দু’জন বিদেশি ব্যক্তি জড়িত। যাঁদের মধ্যে এক জন চিনের নাগরিক।







