হাতেগোনা কয়েকদিন আগেই লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। তবে চব্বিশের ভোটে গেরুয়া শিবির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। হ্রাস পেয়েছে বিজেপির আসন সংখ্যা। আর এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধি।
তাঁর দাবি, যদি বারাণসী কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতেন প্রিয়াঙ্কা গান্ধি, প্রার্থী হিসেবে লড়াই করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই থেকে তিন লক্ষ ভোটে পরাজিত হতেন। রাহুলের দাবি, দেশের মানুষ বুঝিয়ে দিয়েছেন, তাঁরা মোদির রাজনীতিতে সন্তুষ্ট নন তারা।
প্রসঙ্গত, গান্ধি পরিবারের বিরুদ্ধে বারবার ‘পরিবারবাদ’ নিয়ে আক্রমণ শানাতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। তার জবাবেও পাল্টা আক্রমণ করতে ছাড়েন না রাহুলও। মোদি সরকারের নতুন মন্ত্রিসভায় ২০ জন নেতা-মন্ত্রীর ছেলেকে জায়গা দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গ তুলে রাহুলের কটাক্ষ, ”কথায় ও কাজে ফারাকের নামই নরেন্দ্র মোদি!” তাঁর কথায়, “আমি একথা কোনও ঔদ্ধত্য থেকে বলছি না। আমি একথা বলছি কারণ ভারতের মানুষ প্রধানমন্ত্রীকে বার্তা দিয়েছেন তাঁরা ওঁর রাজনীতি নিয়ে সন্তুষ্ট নন। ঘৃণা ও হিংসার বিরুদ্ধে নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন ভারতীয় নাগরিকরা।”
লোকসভা নির্বাচনে রায়বেরেলিতে রাহুল গান্ধির জয় ও অমেঠিতে স্মৃতি ইরানিকে হারিয়ে কংগ্রেসের কিশোরীলাল শর্মার জয়ের জন্য দুই লোকসভা কেন্দ্রের মানুষকে ধন্যবাদ জানাতে মঙ্গলবার রায়বেরেলি গিয়েছিলেন রাহুল ও প্রিয়ঙ্কা । সূত্রের খবর,বুধবার কেরলের ওয়েনাডের মানুষকেও ধন্যবাদ জানাতে যাবেন রাহুল।
নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়ে রাহুল বলেন, “বারাণসীতে নরেন্দ্র মোদি কোনও ক্রমে বেঁচে গিয়েছেন। বারাণসীতে এ বার মোদির জয়ের ব্যবধান পাঁচ লক্ষ থেকে কমে দেড় লক্ষ হয়েছে। আমার বোন প্রিয়ঙ্কা লড়লে ২ থেকে ৩ লক্ষ ভোটে মোদিকে হারতে হত।”এদিকে, ১৮ জুন বারাণসী মোদি নিজে পাড়ি দিচ্ছেন বারাণসীতে।







