শুভেন্দু অধিকারীর মুখে রাজ্য পুলিশের প্রশংসা ! বিরোধী দলনেতার মতে, পুলিশেই অত্যন্ত পেশাদার আধিকারিক রয়েছেন , তাঁদেরকে কাজে লাগানো হলে সিবিআই-ইডির কোনো প্রয়োজন হবে না । শুভেন্দু জানান ২৬ এ বিজেপি ক্ষমতায় এলে পুলিশই চোরেদের গোড়া থেকে উচ্ছেদ করবে । তাতে গেরুয়া শিবিরেরও হস্তক্ষেপ করা লাগবে না। আর এই কাজ সফল হলে প্রাতিষ্ঠানিক দুর্নীতিও বন্ধ হয়ে যাবে বলে আশ্বাস বিরোধী দলনেতার।
বিরোধী দলনেতা এদিন বলেন, “পুরো ব্যবস্থাটা যদি বাংলার পরিবর্তন করতে হয়, সিবিআই-ইডির আদালতে যাওয়ার প্রয়োজন পড়বে না। পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষিত, পেশাদার আধিকারিকরা রয়েছেন, যাঁদের কাজে লাগানো হয় না। বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে, সেই সরকার এখানকার পুলিশকে দিয়ে চোরেদের উচ্ছেদ করবে। স্থায়ী সমস্যার সমাধান হবে।”
পাল্টা শুভেন্দুর বক্তব্যে , তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের দাবী, ” ওনার কাছ থেকে কে সার্টিফিকেট চেয়েছে? বাংলার পুলিশের যোগ্যতা সম্পর্কে ওকে বলতে হবে? ব্রিটিশ আমল থেকে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কেউ প্রশ্ন তোলেননি। উনি তো নিজেই দুর্নীতিগ্রস্ত, ওনার কাছ থেকে পুলিশ সার্টিফিকেট নেবে?”







